কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম আবদুল ওহাবের অবসর প্রাক্কালে গতকাল কলেজটির বাংলা বিভাগের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বাংলা বিভাগের প্রধান ড. আবু হেনা আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক কাজী শাহাদাত হোসেন, অনুষ্ঠানের আহবায়ক রীতা চক্রবর্তী, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আজহারুল ইসলাম, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বাংলা বিভাগের জাহিদ হাসান সরকার, শেখ আমেনা, মিতু আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সুমাইয়া কেরাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে ফাতেমা আক্তার মুক্তা।
বক্তারা বলেন, কুমিল্লা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম আবদুল ওহাব যে কয়দিন দায়িত্বে ছিলেন তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন কলেজটিকে একটি আলোকিত আদর্শিক কলেজে রূপায়িত করতে। তিনি আসার পর সকল ক্ষেত্রে যেমনি সম্প্রসারণ ঘটেছে তেমনি কলেজটির অনেক সুনামও বৃদ্ধি পেয়েছে।
সংবর্ধিত প্রধান অতিথি বলেন, আমি চেষ্টা করেছি কুমিল্লা সরকারি মহিলা কলেজটিকে এশিয়া মহাদেশের অন্যতম মহিলা বিদ্যাপীঠ হিসেবে রূপায়িত করতে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাধীনতাপ্রেমী ও দেশীয় সংস্কৃতি মনা করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি এ কলেজে যোগদানের পর হোস্টেলের বিভিন্ন কক্ষের নামকরণ করেছি। সর্বশেষ শিক্ষার্থীদের বড় দুটি হোস্টেলের সাথে ‘জয় বাংলা’ নামকরণে একটি হোস্টেল করেছি। শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য ভাড়ায় বাস চালু করেছি।


























































