ডেস্ক রিপোর্টঃ
সাত মাস আগে সমকামী অধিকার কর্মী ও বাংলাদেশ সমকামী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এবং সমকামীদের উদ্দেশ্যে প্রকাশিত ম্যাগাজিন রূপবানের প্রকাশক জুলহাস মান্নান ও সমকামী অভিনেতা মাহাবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করা হয়। ঢাকার কলাবাগানে গত ২৫ এপ্রিল জুলহাস মান্নানের বাসায় তাদের দুজনকে আল কায়দা ইসলামী জঙ্গি সংগঠনের সদস্যরা কুপিয়ে হত্যা করে।
ওই ঘটনার পর থেকে বাংলাদেশের সমকামী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশের সমকামী সম্প্রদায়ের অনেকেই জীবন বাঁচাতে দেশ ছেড়ে বিদেশ যেতে বাধ্য হয়েছেন। সমকামী সম্প্রদায়ের ১৫ জনেরও বেশি দেশের বাইরে চলে গেছেন। আরো ১০ জন যাওয়ার চেষ্টা করছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বাংলাদেশের সমকামী সম্প্রদায় সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়। বিশ্বব্যাপী সমকামীরা যে বৈষম্যের শিকার হচ্ছে তার প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশ যেমন: উগান্ডা, ইন্দোনেশিয়া, এবং মালয়েশিয়ার মতো এমন অনেক দেশ নিয়ে কথা উঠে। তবে বাংলাদেশের সমকামীদের নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কোন কথাই এখন পর্যন্ত উঠে আসেনি।
অথচ বাংলাদেশের সমকামীরাও পৃথিবীর অন্যান্য দেশের সমকামীদের মতোই এদেশে নির্যাতন, নিপীড়ন এবং হত্যার শিকার হচ্ছে। রয়টার্সকে দেওয়া এক প্রতিবেদনে , নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের সমকামী সম্প্রদায়ের একজন একথা বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সমকামী ওই ব্যক্তি আরো বলেন, জুলহাস মান্নানের মৃত্যুর পর থেকে বাংলাদেশের সমকামী সম্প্রদায় একেবারে বিছিন্ন হয়ে গেছে। জীবন বাঁচানোর জন্য অনেকে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। যারা দেশে আছেন তারা সব সময় আতঙ্কে দিন কাটাচ্ছেন।


























































