শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১২৫ বিলিয়ন ডলারের আমলাতন্ত্রিক অপচয় ধামাচাপা পেন্টাগনের!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

160355pentagon_buries_evidence_of

পূর্বাশা ডেস্ক:

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এর একটি আভ্যন্তরীণ গবেষণার ফলাফল ধামাচাপা দিয়েছে। ওই গবেষণার মাধ্যমেই পেন্টাগনের প্রশাসনের ব্যবসায়িক তৎপরতায় ১২৫ বিলিয়ন ডলার অপচয়ের বিষয়টি প্রকাশিত হয়।

যুক্তরাষ্ট্রের সংসদ- কংগ্রেস প্রতিরক্ষা বাজেট কাটছাট করতে ওই গবেষণাটিকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে এই ভয়েই পেন্টাগন গবেষণার ফলাফলটি ধামাচাপা দিয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
পেন্টাগনের কর্তাব্যক্তিরা তাদের সহায়ক বিশাল আমলাতন্ত্রকে কীভাবে আরো দক্ষ করে তোলা যায় এবং তাদের যুদ্ধ ক্ষমতা বাড়াতে সঞ্চয়গুলো পুনঃবিনিয়োগ করার পদ্ধতি উদ্ভাবনে গবেষণাটি করান। কিন্তু প্রকল্পটি শেষ হওয়ার পর এতে প্রত্যাশার চেয়েও অনেক বেশি অপচয়ের ঘটনা উদঘাটিত হয়। এরপর প্রতিরক্ষা কর্মকর্তারা গবেষণাটি দ্রুত ধামাচাপা দিতে উঠে পড়ে লাগেন। এবং গবেষণাটিকে অপ্রামাণিক বলে আখ্যায়িত করেন।
২০১৫ সালের জানুয়ারিতে ইস্যু করা গবেষণা প্রতিবেদনটিতে দেখানো হয়, বিগত পাঁচ বছরে পেন্টাগন আমলাতন্ত্রের পেছনে ১২৫ ডলার অপচয় করেছে।
গবেষণাটিতে দেখা যায় পেন্টাগন এর ৫৮০ বিলিয়ন ডলার বাজেটের প্রায় এক চতুর্থাংশ ব্যয় করে শুধু এর মৌলিক ব্যবসায় তৎপরতায়। যেমন, অ্যাকাউন্টিং, মানব সম্পদ, রসদ এবং সম্পদ ব্যবস্থাপনায়।
এতে আরো দেখা যায়, মাত্র ১৩ লাখ সেনা সদস্যের বিপরীতে দাপ্তরিক আমলাতন্ত্রের কাজে নিযুক্ত আছেন ১০ লাখ ১৪ হাজার লোক!
ওই গবেষণায় বলা হয়, আমলাতন্ত্রের পেছনে যে ১২৫ বিলিয়ন ডলার অপচয় করা হচ্ছে তা দিয়ে পারমাণবিক অস্ত্র ভান্ডারকে আরো সমৃদ্ধ করা এবং ৫০টি সেনা ব্রিগেডের ব্যয়ভার বহন করা সম্ভব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি