শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘নারীদের ইমামতি করার বিধান নেই’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

264524_1

পূর্বাশা ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে নারী ইমামতিতে নামাজের ব্যবস্থা চালু আছে। বিশ্বের উন্নত দেশ ডেনমার্ক, আমেরিকা, কানাডা এবং দক্ষিণ আফ্রিকায় নারীরা মসজিদে ইমামতি করেন।

কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বাংলাদেশে নারীদের ইমামতি করার কোনো উদাহরণ নেই।

বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজল এ প্রসঙ্গে বলেছেন, ‘কোরান-হাদিসের বিধানমতে এবং চৌদ্দশো বছরের ইসলামিক বিধিবিধান অনুসারে যেভাবে পৃথিবীতে এবাদত বন্দেগী চলছে তাতে নারী সম্প্রদায়ের ইমামতি করার কোনো বিধান নেই।’

কিন্তু যারা নারী ইমামতিতে নামাজের ব্যবস্থা চালু করেছেন তারা বলছেন নবীর মুহাম্মদের সময় আরবের মসজিদে আয়েশা রা: নারীদের নামাজে ইমামতি করতেন, যেটি নবী নিজেও অনুমোদন করেছিলেন।

এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন ‘এটা সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্তিমূলক কথা। এরকম কিছু মিথ্যা হাদিসের বরাত দিয়ে কেউ কিছু বলে থাকেন, তবে এ বিষয়ে কিছু আমার জানাতে নাই। সাত-আট বছর আগে আমেরিকাতে এক ভদ্রমহিলা এই কাজ করতে চাচ্ছিলেন, বিশ্ববাসী মেনে নেয় নাই।’

বাংলাদেশের কিছু মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা আছে, কিন্তু বিশ্বের সুন্নী বা শিয়া কোনও সম্প্রদায়েই নারীদের ইমামতির সুযোগ শরিয়তের বিধানে নেই বলে উল্লেখ করেন শামীম মো. আফজল।

মো. আফজল বলেন, ‘নারীদের জন্য পর্দার আড়াল থেকে একজন পুরুষ ইমামতি করেন। বিশ্বের কোনও মুসলিম দেশে এমন কিছু নাই। নবী করিম জীবনদশা যে বিধান রেখে গেছেন এটা পরিপূর্ণ, তার সাথে যোগ করা বা বিয়োগ করার কোনো এখতিয়ার নেই।’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজল বলেন, যেসব মসজিদে নারীরা ইমামতি করছেন সেগুলো শরিয়াহসম্মত বা ইসলামসম্মত নয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি