শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মারাত্মক এক সামরিক শক্তি’তে পরিণত হয়েছে জাপান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

264558_1

ডেস্ক রিপোর্টঃ

পার্ল হারবারে ইতিহাসের ভয়াবহতম নৌ হামলার ৭২ বছর পর জাপান নিজেকে আবার পরাক্রমশালী সামরিক শক্তির দেশে পাল্টে ফেলতে পেরেছে- বলছেন বিশেষজ্ঞরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের একরকম জোর করে চাপিয়ে দেয়া সংবিধান অনুযায়ী জাপান শুধু দেশের প্রতিরক্ষার কাজে সেনাবাহিনী গঠন করতে পারবে। অন্য কাউকে আক্রমণের জন্য কখনোই সেনাশক্তি বৃদ্ধি বা প্রদর্শন করা চলবে না। এরকম বিধি নিষেধের পরও জাপান সামরিক দিক থেকে এতটাই শক্তিশালী হয়েছে যে জাপান বিশ্বের যে কোনো দেশের সেনাবাহিনীর সাথে লড়াই করার সক্ষমতা রাখে।

ইউএস আর্মি কমান্ড এ্যান্ড জেনেরাল স্টাফ কলেজের সামরিক ইতিহাসের অধ্যাপক জন টি.কুয়েন বলেছেন- ‘পাইলট এর জন্য পাইলট, জাহাজের জন্য জাহাজ, জাপান যে কারো সাথে সমানে সমান হয়ে লড়াই করতে পারবে।’


আর এ সক্ষমতা অর্জনে জাপানের খরচ হয়েছে অন্যান্য ক্ষমতাবান রাষ্ট্রের সামরিক বাজেটের ভগ্নাংশ।

কি করে? সেই প্রশ্নেরই উত্তর হাতড়ে বেড়াচ্ছেন কুয়েন।

অবশ্য কুয়েন একাই যে জাপানের নৌ বাহিনীর শক্তি সম্পর্কে ওয়াকিবহাল তা নয়। জাপান সিকিউরিটি ওয়াচ ব্লগের এডিটর কাইল মিজোকামিও জাপানের সামরিক শক্তিমত্তা নিয়ে যথেষ্ট অবগত।


মিজোকামি জানান, জাপানের এই সামরিক শক্তির উন্নতিতে যুক্তরাষ্ট্রের রয়েছে বিশাল অবদান। সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে মিজোকামি বলেন-‘জাপান আর যুক্তরাষ্ট্র সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের সামরিক পরাশক্তি আজকের পৃথিবীতে। এমনকি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের মধ্যে যে সম্পর্ক তারচেয়েও বেশি নিবিঢ় জাপান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক।’

মিজকামি আরো যোগ করেন- ‘এই দুই দেশের সেনা প্রতিদিন একসঙ্গে প্রশিক্ষণ নেয় এবং আকাশে, ভূমি এবং সাগরে প্রতি সপ্তাহে সমারিক মহড়া করে।“


কুয়েনের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের জাহাজ কেন্দ্রিক এ্যান্টি মিসাইল সিস্টেম, যা দিয়ে যে কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করে ফেলা যায়, এধরনের প্রযুক্তি জাপানের হাতে থাকায় এটি একটি শক্তিশালী সামরিক প্রতিপক্ষ হয়ে উঠেছে। তার মতে – ‘জাপানের নৌবাহিনী যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে একাত্ম হয়ে মারাত্মক এক সামরিক শক্তিতে পরিণত হয়েছে।’

যদিও যুক্তরাষ্ট্র জাপানের উপর যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই। ৭ ডিসেম্বর ১৯৪১ এ যে বাহিনী নিয়ে জাপান পার্ল হারবার আক্রমণ করেছিলো, মজার ব্যাপার হলো যুক্তরাষ্ট্র জাপানকে তার চেয়ে কয়েকগুণ শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করে নিতে সাহায্য করেছে। আর এটা হয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি থাকার পরও।

ঢাকাটাইমস



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি