কফি আনান :
ফলাফল যাই হোক না কেন, আগামী বছর চিলি, ফ্রান্স, জার্মানি, হংকং, ইরান, কেনিয়া, নেদারল্যান্ডস, রুয়ান্ডা, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডসহ অন্যান্য দেশের ভোটাররা নির্বাচনের মুখোমুখী হতে যাচ্ছে। আশা করা যাচ্ছে, ২০১৬ সালের চেয়ে গণতন্ত্র উন্নতির দিকে অগ্রসর হবে। সরকার গঠনের প্রাচীন এ পদ্ধতি খুবই সংকটের মধ্যে রয়েছে। বেসরকারি সংস্থা ফ্রিডম হাউসের তথ্যানুসারে বিশ্বব্যাপী গণতান্ত্রিক স্বাধীনতা নিন্মমুখী। মিসর, তুরস্ক, থাইল্যান্ড ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মতো অনেক দেশকে গণতন্ত্র থেকে সরে এসে বিপথগামী হতে দেখা যাচ্ছে। তবে ব্যতিক্রম হিসেবে মিয়ানমার, নাইজেরিয়া ও তিউনেসিয়ার কাছে উৎসাহিত হওয়ার বিষয় রয়েছে। বহু স্বৈরাচারী শাসক ভিন্নমত পোষণ করায় নিজের পতন ডেকে এনেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা, রাজনীতিকদের প্রতি বিশ্বাস ও আস্থা, দলের সদস্যপদ এবং নির্বাচনে অংশগ্রহণ- গণতান্ত্রিক পদ্ধতির এ প্রধান মূলনীতিগুলো গত কয়েক বছর ধরে দুর্বল হয়ে যাচ্ছে।
গণতন্ত্র কেন এ ধরনের চ্যালেঞ্জের মুখোমুখী হচ্ছে? এর একটি সাধারণ কারণ বিশ্বায়ন, অনির্বাচিত ক্ষমতাধর শক্তি। একসময় প্রশংসার সঙ্গে আশীর্বাদস্বরূপ এটির আবির্ভাব হয়েছিল; কিন্তু বর্তমানে নিরাপত্তা, সাংস্কৃতিক পরিচয় ও অর্থনীতির ক্ষেত্রে হুমকির প্রধান কারণ হিসেবে দেখা দিয়েছে। বিশ্বায়ন লাখ লাখ মানুষকে দরিদ্রতা থেকে মুক্তি, বিশ্বব্যাপী ভোক্তাদের জন্য উৎপাদিত পণ্যের মূল্য হ্রাস এবং অভূতপূর্ব গতিশীলতা আনতে সাহায্য করেছে। কিন্তু এটি দেশজুড়ে অসমতা বাড়িয়ে দিচ্ছে। দেশের সীমান্ত ও অর্থনীতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা হ্রাস পাচ্ছে। তবে বিশ্বায়ন বিশ্বকে পরস্পরের ওপর আরও বেশি নির্ভরশীল করে তুলছে, যেখানে রাজনৈতিক পদ্ধতি জাতির হাতিয়ার। দেশীয় ইস্যুতে প্রচারণা চালিয়েও শীর্ষ পদের প্রার্থীরা জয়ী হচ্ছেন। সীমিত ক্ষমতার নিয়ন্ত্রণ পাওয়ায় আন্তর্জাতিক ইস্যুতে জটিল মল্লযুদ্ধে লিপ্ত হচ্ছেন তারা, ব্যর্থ হচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে। এ ধরনের ব্যর্থতায় সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। ইউরোপের কথাই ধরা যাক। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৈশ্বিক আন্তঃসম্পর্ক উন্নয়নে গণতন্ত্রকে মানিয়ে নেয়ার জন্য বিশ্বের অন্যতম উচ্চাভিলাষী প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। বহু ইউরোপীয় দেশ অভিবাসীর ধাক্কা সামাল দিচ্ছে, কেঁপে উঠেছে সন্ত্রাসী হামলায়। ফলে সীমান্ত বন্ধ করতে তৎপর হচ্ছে তারা। কিন্তু দেশকে একটি দুর্গের মধ্যে সীমাবদ্ধ করলে বহির্বিশ্বে প্রভাব খাটানোর সক্ষমতা হ্রাস পাবে। ইউরোপীয় ইউনিয়নের কোনো একটি দেশ শক্তিশালী হলে তা গোটা সংস্থার শক্তির পরিচায়ক নয়।
ইইউ কখনোই সার্বভৌমত্ব পরিত্যাগ করেনি, তবে ব্রিটেনের ব্রেক্সিট সমর্থকদের কারণে তা সম্ভব হয়েছে। দেখা গেছে, অধিকাংশ পর্যবেক্ষক ইউরোপের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০০৮ সালের বিরাট মন্দা, ইউরোপের ঋণ সংকট ও ইউরোপ সীমান্তে অভিবাসীদের অব্যাহত অনুপ্রবেশের কারণে ব্যর্থতার চিহ্ন খুঁজে পাচ্ছেন তারা। বিজেতা ও বিজিতদের নিয়ে সমাজকে বিভক্ত করার প্রবণতা রয়েছে বিশ্বায়নের। যেখানে কিছু একক শক্তি ও সংস্থার হাতে অভূতপূর্ব পুঞ্জীভূত সম্পদের মালিকানা থাকে (বৈশ্বিক বাজার ও অর্থের গতিশীলতায় কর দেয়া থেকে দূরে থাকে তারা)। পশ্চিমের অসংখ্য মানুষের আয়ের কোনো সীমাবদ্ধতা নেই। বিশ্বায়ন সব তরীকে ডাঙায় ভেড়াবে এমনটা ধারণা করা যাচ্ছে না। তবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের মেরিন লে পেন এবং ব্রিটেনের নাইজেল ফারাগের মতো জনপ্রিয় নেতার ভিন্ন আঙ্গিকেই উত্থান ঘটেছে।
গণতন্ত্র নিয়ে আমাদের চিন্তাভাবনা অসমতল তথ্য দ্বারা মোড়ানো। স্বৈরাচারী শাসক নিজেকে অন্যের চেয়ে ভালো চোখে দেখে, কারণ সেখানে তথ্য নিয়ন্ত্রিত, সমালোচনা দমিত এবং প্রপাগান্ডার অবিচল গতিধারায় জনপ্রিয়তার একটি মিথ্যা অনুভূতি তৈরি হয়। আর গণতন্ত্রকে খারাপ নজরে দেখা হয়, কারণ গণমাধ্যম, সভ্য সমাজ ও রাজনীতিকরা তাদের সমস্যাকে অতিরঞ্জিত করতে পারে। বাস্তবতা হল, পরিবর্তনের ধারায় স্বৈরাচারী শাসনব্যবস্থা ভঙ্গুর। গণতান্ত্রিক ব্যবস্থা অধিকতর প্রাণবন্ত, যা মৌলিক বৈধতা, জবাবদিহিতার শাসনব্যবস্থা এবং বাকস্বাধীনতা দ্বারা সমর্থিত নিরাপত্তার কপাটকে সাধুবাদ জানায়।
নির্বাচন সত্যিকার অর্থে তখনই গণতান্ত্রিক হয় না, যখন সেটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক না হয়। যেমনটা সম্প্রতি আমরা বুরুন্ডিতে দেখেছি। যেখানে সহিংসতার মধ্যে প্রেসিডেন্ট পিয়েরি কুরুনজিজা পুনরায় নির্বাচিত হয়েছেন, তিনি দেশটির রাজনৈতিক সংকট সমাধানে তৎপর নন। যখন দেশের রাজনৈতিক প্রতিপক্ষ ও তাদের সমর্থকরা বিশ্বাস করে, নির্বাচনী প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠ নয়, তখনই তারা কম শান্তিপূর্ণ রাজনৈতিক গতিপথ ও নেতৃত্ব পরিবর্তনের পথ খোঁজে। ব্যালট বাক্স যদি রাস্তায় ফেলে দেয়ার পাত্র না হয়, তবে বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রয়োজন রয়েছে। আমাদের উচিত বিশ্বব্যাপী বৈধ নির্বাচন পদ্ধতি ত্বরান্বিত করা। শুধু এ কারণে নয় যে, যৌক্তিকতার নিরিখে ও নীতিগতভাবে অন্যান্য সরকার ব্যবস্থার চেয়ে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তম, বরং এটির ফলাফল তার চেয়েও শুভ। এটি শান্তি, উন্নয়ন, মানবাধিকার ও আইনের প্রতি সম্মানের সেরা প্রতিশ্রুতিকে ধারণ করে।
তবে কেমন করে আমরা বিশ্বায়ন প্রক্রিয়ায় গণতন্ত্রকে উন্নতির শিখরে ওঠাতে সাহায্য করতে পারি? সবচেয়ে ভালো উপায় জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের মতো গণতন্ত্রকে ‘রফতানি’ করা নয়। যেমনটা মার্কিন সৈন্যরা ইরাক ও অন্যান্য স্থানে করেছিলেন, কিন্তু জনগণকে উদ্বুদ্ধ করা হয়েছিল এটা প্রদর্শন করিয়ে যে, গণতন্ত্র নিজস্ব নিয়মেই চলছে। গণতন্ত্রের উন্নয়ন শুরু হয় ঘর থেকেই। একটি বিশ্বায়নের পৃথিবীতে গণতান্ত্রিক নেতাদের অবশ্যই তাদের নির্বাচকমণ্ডলীর প্রতি সৎ থাকতে হবে। এটা নিশ্চিত করতে হবে যে, এই পুরস্কার সবার মাঝে বণ্টনযোগ্য, যার দ্বারা সবাই উপকৃত হবে। পরিশেষে, গণতান্ত্রিক নেতাকে অধিকাংশের মতামতকে অগ্রাধিকার দিতে সংবেদনশীল হতে হবে।
নাগরিকরাই কেবল গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। জনগণের বৃহৎ অংশ ভোট না দিলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য ট্ইুট বার্তার প্রয়োজন পড়ে না। ২৫ বছর আগে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে এটা অনুধাবন করা অপরিহার্য যে, গণতন্ত্র জয়ী হবে- সমাজতন্ত্রের ওপর বাজার গণতন্ত্র বিজয়ী ছিল। বৈষম্য, সন্ত্রাসবাদ ও রাজনীতির ওপর অর্থের অনুপাতহীন প্রভাব গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্ব কমে যাওয়ার কারণ হিসেবে দেখা দিয়েছে। বুরকিনোফাসো, হংকং ও ভেনিজুয়েলায় নাগরিকদের বেপরোয়া আন্দোলনের পরিস্থিতিতে এটা নিশ্চিত যে, বিশ্বব্যাপী গণতান্ত্রিক আকাক্সক্ষার অত্যাবশকতা রয়েছে।
আমি মাঝে মাঝে শুনি, গণতন্ত্র তার উদ্দেশ্যের অনুভূতি হারিয়ে ফেলেছে। তবে এমনটা নয়। গণতন্ত্রের উদ্দেশ্য হল এমন পরিস্থিতি তৈরি করা, যেখানে নাগরিকরাই তাদের পছন্দমতো জীবনের পরিপূরক ব্যবস্থার নিশ্চয়তা দিতে পারবেন। মানুষের শুধু জীবিকা ও নিরাপত্তা নয়- স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারেরও প্রয়োজন রয়েছে। গণতন্ত্রের ত্রুটি যেমনটাই হোক না কেন, এটি এমন একটি রাজনৈতিক পদ্ধতি যা এসব প্রয়োজন পূরণে সক্ষম। গণতন্ত্রের জন্য আগামী বছরের নির্বাচনগুলো উপহারস্বরূপ ইতিবাচক বার্তা বয়ে নিয়ে আসুক।
দ্য নিউইয়র্ক টাইমস থেকে ভাষান্তর : সালমান রিয়াজ
কফি আনান : শান্তিতে নোবেল পুরস্কারজয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব

























































