ডেস্ক রিপোর্ট :
কুমিল্লার জামায়াত ইসলামীর নেতা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক জিএস মো. সানাউল্লাহ মজুমদারকে আটক করেছে র্যাব। জেলার দাউদকান্দি গোমতি সেতু এলাকা থেকে কুমিল্লা র্যাব-১১ তাকে আটক করে। শুক্রবার সন্ধ্যায় তাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্থান্তর করে র্যাব-১১ এর সদস্যরা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল জানান, সানাউল্লাহর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় ৩টি মামলা এবং জেলার বিভিন্ন থানায় ৬টিসহ মোট ৯ মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিভিন্ন সূত্রে জানায়, সানাউল্লাহ মজুমদার ছাত্রজীবন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পতরবর্তী কুমিল্লা জেলা জামায়াতে ইসলামির রাজনীতিতে জড়িয়ে পড়েন। পর্যায়েক্রমে কুমিল্লা মহানগরীর বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র-ছাত্রী সংসদের জিএস এর দায়িত্ব পালন করে ব্যাপক পরিচিতি লাভ করেন।
সূত্র আরো জনায়, জামায়াতে ইসলামীর দায়িত্ব পালন কালে বিভিন্ন মানুষের সাথে সক্ষতা গড়ে তোলেন সানাউল্লাহ মজুমদার। তিনি জড়িয়ে পড়েন কো-অপারেটিভ ও ডেভলপার ব্যবসায়। কুমিল্লাসহ দেশজুড়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করতে থাকেন চকটদার ও লোভনীয় বিজ্ঞাপন। চড়া সুদের লোভ দেখিয়ে আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেন বিপুল পরিমাণ অর্থ। নামে বেনামে সম্পদের পাহাড় গড়তে থাকেন সানাউল্লাহ। পর্যায়ক্রমে বিলাসিতার মাত্রাও বেড়ে যায় তার। মাসে মাসে পরিবর্তন হয় তার ব্যবহৃত গাড়ির মডেল। পোষাকেও ছিল বৈচিত্র। কুমিল্লায় এক নামে পরিচিত সানা উল্লাহ মজুমদার ২০১২ সালের শেষ দিকে কৌশলে আত্মগোপনে চলে যাওয়ার পর একে একে প্রকাশ্যে আসে তার সম্পদ অর্জনের রহস্য। বেরিয়ে আসে সাধারণ মানুষের জমা রাখা অর্থের হিসাব। ভূমি বিক্রি, পেনশন ও বৈদেশিক সঞ্চয় জমা রাখেন নিজেদের স্বচ্ছলতা বাড়াতে। বিশ্বাস হয়ে যায় অবিশ্বাস। নিজের টাকা অন্যের হাতে দিয়ে নিস্ব হয়েছেন অনেকে। এই ভুলের মাসুল দিতে হয়েছে সঞ্চয় জমা রাখা ব্যক্তি ও তাদের পরিবার।
ভুক্তভোগী সূত্র জানায়, ফেনী জেলার বাসিন্দা ডাঃ জাহির নামে এক ব্যক্তিকে ব্যবসার অংশিদার বানাবে বলে তার থেকে সংগ্রহ করে ৯১ লাখ টাকা। নুর ইসলাম নামে চৌদ্দগ্রামে তার নিকটতম এক আত্মীয় থেকে সংগ্রহ করেন ১ কোটি টাকা, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উলুরচর এলাকার হাজী নূরুল ইসলাম নামে এক ব্যক্তিকে প্লট দিবে বলে তার থেকে সংগ্রহ করেন ৯৬ লাখ টাকা, মাওলানা ছোবহান নামে এক ব্যক্তি থেকে নেন ৩০ লাখ টাকা এবং কুমিল্লা টাওয়ার শপিং সেন্টারের আকতার হোসেন নামে এক ইলেক্ট্রিশিয়ান থেকে সংগ্রহ করেন ৫ লাখ টাকা। এছাড়ার তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুমিল্লা থেকে অন্তত শত কোটি টাকা সংগ্রহ করেছেন।
অর্থ আত্মসাতের অভিযোগে সম্প্রতি ঢাকার কাফরুল থানায় ডা. জহির বাদী হয়ে মামলা দায়ের করেন। একই থানায় ৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে হাজী নূরুল ইসলাম ও আকতার হোসেন সানাউল্লাহর বিরুদ্ধে পৃথক ২টি সাধারণ ডায়েরি করেন। এ ছাড়াও তার বিরুদ্ধে কুমিল্লাসহ দেশের বিভিন্ন থানায় অর্থ আত্মসাতের বহু মামলা রয়েছে।
এবিষয়ে হাজী নূরুল ইসলাম জানান, প্লট ক্রয়ের উদ্দেশ্যে আমি বিভিন্ন মেয়াদে সানাউল্লাহকে ৯৬ লাখ টাকা প্রদান করি। দীর্ঘদিন ধরে তিনি আমাকে টাকা বা প্লট কোনটাই না দেওয়ায় শুক্রবার তার বিরুদ্ধে ঢাকা কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করি।
কুমিল্লা জামায়াতে ইসলামীর একাধিক সূত্র জানায়, সানাউল্লাহ মজুমদার ছাত্র জীবন থেকেই রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলেন। রাজনৈতিক পরিচয়কে তিনি কর্মজীবনে পুঁজি করে বিপুল অর্থের মালিক হন। তবে এ বিষয়টি ছিল দলীয় নেতাকর্মীদের ধারণার বাইরে। মজুমদারও বিষয়টি দলীয় লোকজনকে বুঝতে দেয়নি। অর্থ আত্মসাতের বিষয়টি সামনে আসলে এই নিয়ে জামায়াতের দায়িত্বশীলরা একাধিক বার বৈঠক করেন সানাউল্লাহার সঙ্গে। দল থেকে বার বার তাকে সর্তক করা হলেও শোধরায়নি তিনি।


















































