পূর্বাশা ডেস্ক:
বলিউড থেকে হলিউড সমানতালে দাপিয়ে বেড়ানো তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়ার ঝুলিতে আরও প্রাপ্তি যোগ হলো এবার। ইউনিসেফের গ্লোবাল গুডউইল অ্যাম্বাসাডর হয়েছেন তিনি।
শিশুদের অধিকার সুরক্ষার প্রচারণায় সংস্থাটি প্রিয়াঙ্কাকে এ পদে নিয়োগ দিয়েছে বলে মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়।
অবশ্য ‘বেওয়াচ’ তারকার জন্য এটি নতুন অভিজ্ঞতা নয়। গত ১০ বছর ধরে ইউনিসেফের ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে নজর কেড়েছেন নায়িকা।
ইউনিসেফের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্থানীয় সময় সোমবার সংস্থাটির প্রধান কার্যালয় নিউইয়র্কে দায়িত্ব বুঝে নেন প্রিয়াঙ্কা চোপড়া।
ইউনসেফ এর গ্লোবাল গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে যোগ দেওয়ার সময় মঞ্চে জ্যাকি চ্যান, ডেভিড বেকহ্যাম, অরল্যান্ডো ব্লুমের মতো প্রথিতযশাদের সঙ্গে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।
দায়িত্ব বুঝে নেওয়ার সময় আবেগআপ্লুত প্রিয়াঙ্কা বলেন,এই পৃথিবীকে শিশুদের জন্য সুন্দর আমি করে তুলবই।

























































