অযাচিত ব্যবহারে সর্বশেষ আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলছে ব্যাকটেরিয়া। একসময় দেখা দিতে পারে বিপর্যয়। ফার্মাকোলজিস্টরা জানিয়েছেন, বাচ-বিচার না করে ব্যবহারের কারণেই এটি হচ্ছে। প্রতিরোধী হওয়ায় যেমন রেজিস্টার্ড চিকিৎসকদের ভূমিকা আছে, তেমনি চিকিৎসা বিষয়ে অর্ধশিক্ষিত গ্রাম্য ডাক্তাররাও বিশেষ ভূমিকা রাখছেন। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে মাত্র তিনটি নতুন অ্যান্টিবায়োটিক আসার সম্ভাবনা রয়েছে। সতর্ক না হলে বিপর্যয় ঠেকানো সম্ভব হবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজির অধ্যাপক ডা: সায়েদুর রহমান বলেন, অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট (ব্লাড কালচার) করিয়ে নিতে হয়। কিন্তু ব্লাড কালচার করার পরিমাণ ১০ শতাংশও নয়। তিনি বলেন, বাংলাদেশের ৬৪ জেলার ৬৩টিতে ব্লাড কালচার করা যায় না। এ পরীক্ষায় জানা যায়, কোন কোন অ্যান্টিবায়োটিক দিয়ে মেরে ফেলা যাবে। এ পরীক্ষা থেকে এটাও জানা যায় যে, ব্যাকটেরিয়া কোন কোন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে ধ্বংস হয় না অর্থাৎ ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়েছে কোন অ্যান্টিবায়োটিকে? যে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ব্যাকটেরিয়া তার দেহে প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলেছে, তা প্রয়োগ করা যাবে না।
ডা: সায়েদুর রহমান চিকিৎসকদের উদ্দেশে বলেন, দয়া করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে একবার ভাবুন। অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কারণে ৭০ লাখ মানুষ মারা যায় বিশ্বব্যাপী। ১০০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয় প্রতি বছর।
বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, রেজিস্টার্ড চিকিৎসক ছাড়াও বাংলাদেশে ছয় লাখ চিকিৎসক (হাতুড়ে) আছেন যারা অ্যান্টিবায়োটিক লেখেন বাচ-বিচার না করেই। বাংলাদেশে ডায়রিয়া-কলেরার জন্য দায়ী ই-কোলি ২০ থেকে ৬১ শতাংশ প্রতিরোধী হয়ে গেছে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে। তিনি বলেন, অ্যান্টিবায়োটিক যে বাংলাদেশেই প্রতিরোধী হয়ে যাচ্ছে, তা নয়; যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও হচ্ছে। সেখানে সেফালোস্টিরিনের প্রতিরোধী হয়ে যাওয়ার পরিমাণ ৩২ থেকে ৬৬ শতাংশ। সবচেয়ে ভয়াবহ চিত্র আইসিইউয়ে। আইসিইউয়ে অবস্থানরত রোগীর চিকিৎসার জন্য খুব অল্প কয়েকটি অ্যান্টিবায়োটিক রয়েছে। অবশিষ্টগুলো প্রতিরোধী হয়ে গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, অনেক চিকিৎসক রোগী হারানোর ভয়ে বেশির ভাগ ক্ষেত্রে সেনসিটিভিটি পরীক্ষা করান না। আবার ‘ল্যাবরেটরি পরীক্ষা থেকে কমিশন খাওয়ার জন্য চিকিৎসক ব্যয়বহুল পরীক্ষা দিয়েছেন’ এ ভয়ে তিনি রক্ত পরীক্ষা না করেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে ফেলেন। রোগীর দেহের ব্যাকটেরিয়া কোন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে গেছে ডাক্তাররা তা না জানার কারণে একই সাথে দু’টি বা তিনটি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকেন। এ ধরনের প্রবণতা আরো বেশি ক্ষতিকর। ভবিষ্যতে এসব রোগীর দেহে সাধারণ অ্যান্টিবায়োটিক কাজ নাও করতে পারে।
তিন বা ছয় মাসের কোর্স শেষ করা গ্রামের চিকিৎসকেরা, রোগ-শোক হলেই নিজের বিদ্যা জাহিরের জন্য সেফট্রিয়াক্সন নামে তৃতীয় প্রজন্মের অ্যান্টিবায়োটিকও ব্যবহার করছেন, যেখানে সাধারণ মানের অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই রোগী সুস্থ হয়ে যেতে পারে। সাধারণ মানেরটি ব্যবহার করলে হয়তো এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ রোগীকে ওষুধ খেতে হবে। সেখানে সেফট্রিয়াক্সন একবার অথবা দু’বার ব্যবহার করলেই রোগী সুস্থ হয়ে যাচ্ছে। এভাবে একসময় সেফট্রিয়াক্সন প্রতিরোধী হয়ে যেতে পারে। ডা: সায়েদুর রহমান বলেন, কিছু কিছু ক্ষেত্রে সেফট্রিয়াক্সনও প্রতিরোধী হয়ে গেছে। এ ধরনের অযাচিত ব্যবহারে সিপ্রোফ্লোক্সাসিন নামে অ্যান্টিবায়োটিকও কিছু কিছু ক্ষেত্রে প্রতিরোধী হয়ে গেছে।
অধ্যাপক ডা: সায়েদুর রহমান আরো জানান, সেফালোস্পিরিনের মতো তৃতীয় প্রজন্মের অ্যান্টিবায়োটিকও ব্যবহার হয়ে যাচ্ছে সামান্য সর্দি-কাশি অথবা জ্বরে। অনেকেই কোর্স শেষ করেন না। এটি ৭ থেকে ১০ দিন দেয়ার কথা। কিন্তু দু-তিন দিনেই রোগী সুস্থবোধ করে বলে আর বাকি ওষুধ রোগী নেন না। এভাবে একসময় সেই রোগীর শরীরে সেফালোস্পিরিন প্রতিরোধী হয়ে যেতে পারে।
চিকিৎসকেরা জানিয়েছেন, একসময় টেট্রাসাইক্লিন, ডক্সিসিলিন নামে ওষুধগুলোর যথেচ্ছ ব্যবহারে এখন আর কাজ করে না। ডা: সায়েদুর রহমান বলেন, সেনসিটিভিটি টেস্ট করা ছাড়া কোনো চিকিৎসকের অ্যান্টিবায়োটিক ব্যবহার করাই উচিত নয়।
অ্যান্টিবায়োটিক প্রতিরোধ হয়ে যাওয়ায় সরকারি হাসপাতালের ভূমিকাও কম নয়। সরকারি হাসপাতালে সাত দিনের বদলে অ্যান্টিবায়োটিক দেয়া হয় দুই দিনের জন্য। দুই দিনে সুস্থবোধ করলে আর বাকি ওষুধগুলোর জন্য রোগীরা হাসপাতালে আসেন না। কোর্স কমপ্লিট না হওয়ায় সরকারি হাসপাতালের চিকিৎসকদের মাথাব্যথাও নেই।


























































