নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠেছে সুগন্ধিযুক্ত কলম্বো জাতের লেবুর আবাদ। সারা বছর জুড়ে ফলন ও লাভজনক হওয়ায় জেলাব্যাপী বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই কলম্বো লেবু। এখানকার উৎপাদিত রোগমুক্ত লেবু দেশের চাহিদা মিটিয়ে রফতানি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার মাটি লেবু চাষের জন্য খুবই উপযোগী। নরসিংদী জেলার ছয়টি উপজেলার মধ্যে বর্তমানে চারটি উপজেলা শিবপুর, বেলাব, মনোহরদী ও রায়পুরায় ৩৬০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে কলম্বো জাতের লেবুর আবাদ হচ্ছে। এই লেবুর আবাদ করে ভালো ফলন ও দেশ-বিদেশের বাজারে ভালো দাম পাওয়ায় প্রতি বছরই লেবু চাষে আগ্রহ বাড়ছে এখানকার কৃষকদের। কৃষি বিভাগের লেবু বাগান ব্যবস্থাপনার বাইরেও কৃষকরা নিজ নিজ উদ্যোগে লেবু বাগান তৈরিতে ঝুঁকছেন।























































