পূর্বাশা ডেস্ক: আগামীকাল বুধবার প্রথমবারের মতো কুমিল্লাসহ দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচন হতে যাচ্ছে । সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ স্থানীয় এমপিদের নিজ নিজ এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন।
বুধবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত জেলা ও উপজেলায় স্থাপিত কেন্দ্রে ভোটগ্রহন করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে কোনো ব্যালটে যদি কেউ পরিচিতিমূলক সংকেত ব্যবহার করেন বা প্রকাশ্যে ভোট দেন তবে সেই ব্যালট বাতিল হবে। একইসঙ্গে যে বা যারা এ কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রিজাইডিং অফিসার এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন। এ বিষয়ে কমিশন থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে, প্রচারণার শেষ মুহুর্তে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা ভোটারদের কাছে দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সাবেক নৌবাহিনী প্রধান আবু তাহের ও সাজ্জাদ হোসেন স্বপন।
আগামীকাল জেলা পরিষদ নির্বাচনে ২৫৫১জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণে সকল প্রস্তুতি শেষ। নির্বাচনে জেলায় মোট ১৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে । উপজেলা পরিষদের অভ্যন্তরে দুটি করে বুথ তৈরী করা হবে। প্রার্থীরা প্রতি ভোট কেন্দ্রে দু’জন করে পোলিং এজেন্ট দিতে পারবেন। ১ জন করে নির্বাচনী এজেন্ট দিবেন। তবে পোলিং এজেন্ট সংশ্লিষ্ট এলাকার জেলা পরিষদ কর্তৃক প্রকাশিত ভোটার তালিকার ভোটার হতে হবে। পোলিং এজেন্টরা ভোট গ্রহনের পূর্বে প্রবেশ করবে।
এদিকে জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের অংশগ্রহণে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ সভার আয়োজন হয়। সভায় নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা, ভোট কেন্দ্রের পরিবেশ, পোলিং ও নির্বাচনী এজেন্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মো:জাহাংগীর আলম বলেন, আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠ ও নিরপক্ষ। এ লক্ষ্য জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টির আশায় যারা রয়েছে, তারা বোকার স্বর্গে বাস করছে।
গোপালগঞ্জ সংবাদদাতা জানান, গোপালগঞ্জে জমে উঠেছে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়ায জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রচার-প্রচারনা। চলছে প্রার্থীদের দৌড়-ঝাপ। ভোটারদের যেকোন মূল্যে সন্তুষ্ট করতে প্রতিযোগিতা শুরু করেছেন তারা। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে জেলার ৫টি উপজেলার ১৫ টি ওয়ার্ডের গোটা এলাকা।
এখানে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হক ও ডা. মোল্যা ওবায়দুল্লাহ বাকী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুমিল্লা সংবাদদাতা জানান, প্রচারণার শেষ মুহুর্তে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা ভোটারদের কাছে দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই জেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সাবেক নৌবাহিনী প্রধান আবু তাহের ও সাজ্জাদ হোসেন স্বপন।
এ নির্বাচনে প্রথমবারের মতো স্থানীয় সরকারের সিটি, পৌর, উপজেলা ও ইউপি জনপ্রতিনিধিরা ভোট দেবেন। তবে জেলা পরিষদ নির্বাচনে কিছু স্থানীয় সংসদ সদস্য ও প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব খাটানোর অভিযোগ এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ‘শিগগির’ এমপিদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল সোমবার শেরে বাংলানগরস্থ ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জেলা পরিষদের নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার কথা জানিয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, কোনো ভোটার বা জনপ্রতিনিধি ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা ভোটারকে তল্লাশি করে তা নিশ্চিত করবেন। ব্যালট পেপারের কোথাও পরিচিতিমূলক সংকেত চিহ্ন ব্যবহার করলে তা বাতিল করা হবে। এবং প্রকাশ্যে ভোটও দিলে তা বাতিল ও দণ্ডনিয় অপরাধ বলে গন্য হবে। এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানান এ নির্বাচন কমিশনার। তিনি বলেন, কেউ বলছেন-ক্যামেরায় ছবি তুলে আনতে, কেউ বলছেন ব্যালট পেপারের পেছনে বিশেষ চিহ্ন দিতে। এ ধরনের কোনো অনিয়ম সহ্য করা হবে না।
ইসি জানিয়েছে, ৬১ জেলায় ভোট হচ্ছে এবার। প্রতি জেলায় চেয়ারম্যান একজন, সাধারণ সদস্য ১৫টি ওয়ার্ডে ১৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৫ জন সদস্য নির্বাচিত হবেন। ৬৩ হাজারেরও বেশি ভোটারের এ নির্বাচনে জেলা ও উপজেলায় ওয়ার্ডভিত্তিক ৯১৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে চেয়ারম্যান পদে ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন; কুষ্টিয়া জেলায় চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর আদালতের আদেশে তা স্থগিত করা হয়।
অন্যান্য নির্বাচনের মতো পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। নিরাপত্তা বাহিনী কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবে। কেন্দ্রকে ঘিরেই নিরাপত্তা বলয় করবো। ভোটকেন্দ্রে যাতে কোনো ধরনের অনিয়ম করতে না পারে সেজন্য প্রতিটি ভোটকক্ষের সামনেই একজন করে নির্বাহী হাকিমকে নিয়োজিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনার শাহ নেওয়াজ।


















































