পূর্বাশা ডেস্ক:
পাকিস্তানের ইসলামাবাদে বিষাক্ত মদ পানে ২৪ জন মারা গেছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছে। পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বড়দিন উদ্যাপনকালে ইসলামাবাদ থেকে ৩৩৮ কিলোমিটার দূরে তোবা টেক সিং এলাকার খ্রিষ্টানপল্লিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ইমরান আতিফ বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বিষাক্ত মদ পানে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ জন খ্রিষ্টান ও দুজন মুসলমান। এই মদ পানে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৬০ জন।
পাকিস্তানে মদ কেনাবেচায় কড়াকড়ি বিদ্যমান। দেশটিতে মুসলমানদের মদ্যপান নিষিদ্ধ। অন্যান্য সম্প্রদায় ও বিদেশিদের ক্ষেত্রে মদ্যপানের ব্যাপারে কড়াকড়ি রয়েছে। দেশটির ধনীরা উচ্চমূল্যে বিদেশি ও ভালো মানের মদ কিনতে পারলেও গরিবদের ভরসা মিথানল মেশানো কম দামের মদ।

























































