যদি কেউ জানতে চায়, আপনার পরিবারে কতজন সদস্য? আপনি হয়তো বলবেন দুই, তিন, পাঁচ, সাত, দশ অথবা বার। কিংবা তারও বেশি। এবার যদি বলা হয় একটা দেশ আনুমানিক কতজন নিয়ে গঠিত হতে পারে; আপনি হয়তো সংখ্যার হিসাবটা লাখ থেকে শুরু করে কোটি ছাড়িয়ে যাবেন। আর কম করে হলেও হাজারের নিচে সংখ্যা নামার সম্ভাবনা নেই বললেই চলে। তাই তো? হ্যাঁ। এমনটা হওয়াই স্বাভাবিক।
এবার আপনাকে অবাক হওয়ার মতো একটি তথ্য দেওয়া যাক। যেটা হয়তো আপনার কল্পনাতেও নেই। বিশ্বের বুকে এমন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ রয়েছে, যে দেশের জনসংখ্যা মাত্র ৩। শুধু তাই নয়, দেশটির নিজস্ব পতাকা, পাসপোর্ট, মুদ্রা সবই রয়েছে।
অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছু নেই। এটা সত্য, আর এই বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশটির নাম প্রিন্সিপালিটি অব সিল্যান্ড। সংক্ষেপে এটিকে সিল্যান্ড বলা হয়। ক্ষুদ্রতম এ দেশের মোট আয়তন ৫৫০ বর্গমিটার। ইংল্যান্ডের উত্তর সাগরে এ রাষ্ট্রটির অবস্থান।
দেশটির একটি রাজধানীও রয়েছে। সেখানে ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার। তবে বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না।
এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্রবন্দর। জার্মান সেনারা যে কোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে- এমন আশঙ্কা থেকে ব্রিটিশ সেনাবাহিনী ইংল্যান্ডের উপকূলভাগে সমুদ্র দুর্গ বানানোর পরিকল্পনা করে। সে থেকেই উপকূল থেকে ১০ কিলোমিটার গভীরে বানানো হলো মউনশেল সি পোর্ট।
এখান থেকে শত্রু যুদ্ধ জাহাজগুলোর ওপর নজরদারি করা হতো। প্রয়োজনে শত্রুজাহাজে আক্রমণ পরিচালনার কাজও চলত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্য দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটাকেও পরিত্যক্ত ঘোষণা করে।
১৯৬৭ সালের ২ সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর পাডজ রায় ব্যাটস এবং তার পরিবার এ জায়গাটির স্বত্বাধিকারী হন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন।
পৃথিবীর কোনো দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতাও করেনি। মোট জনসংখ্যার তিনজনই ব্যাটস পরিবারের সদস্য এবং যথাক্রমে তারা এই রাজ্যের রাজা, রানী ও রাজপুত্র।
অদ্ভুত এই দেশটি সাগরের ওপর ভাসমান অবস্থায় রয়েছে। তাও সরাসরি সাগরের বুকে নয়। মাটি থেকে অনেকটা উপরে দুটো বড় বড় স্টিলের পাইপের ওপর এ দেশটির অবস্থান। এই দেশে কোনো মাটি নেই। পুরোটাই স্টিল।
এ দেশে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে ১০ কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে। দেশটিতে একটি মাত্র ঘর চোখে পড়বে এবং সেটিই এ দেশের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের ওপর দেশটির পতাকা পতপত করে উড়তে দেখা যায়। দেখুন দেশটিকে নিয়ে সচিত্র প্রতিবেদন:
























































