ব্রাজিলে নিযুক্ত গ্রীক রাষ্ট্রদূত কিরিয়াকস আমিরিদিস গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রিওডি জেনেরিও’র বাইরে একটি পুড়ে যাওয়া গাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাষ্ট্রদূতকে তার স্ত্রী ও পুলিশ প্রেমিক হত্যা করেছে।
জানা গেছে, রাষ্ট্রদূতের ব্রাজিলিয়ান স্ত্রী ফ্রান্সোইস আমিরিদিস তার পুলিশ প্রেমিকের সঙ্গে এ হত্যার পরিকল্পনা করেন। তারা রাষ্ট্রদূতকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ গাড়িতে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ঘাতক পুলিশ সের্জিও গোমেস ফিলহো রাষ্ট্রদূত কিরিয়াকসকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকারও করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। হত্যার ঘটনাটি আড়াল করতে মেলো চারিদিকে সতর্ক দৃষ্টি রাখেন এবং এজন্য তাকে ২৫ হাজারেরও বেশি ডলার অর্থ দেয়া হয়।
এ ঘটনায় রাষ্ট্রদূতের ৪০ বছর বয়সী স্ত্রী ফ্রান্সোইসকে তার ২৯ বছর বয়সী প্রেমিক গোমেস ফিলহো ও তার জ্ঞাতি ভাই এডওয়ার্ডোকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ৩ জনকে পুলিশ ৩০ দিনের রিমান্ডে নিয়েছে।
৫৯ বছর বয়সী কিরিয়াকস আমিরিদিস ক্রিসমাসের রাতে রিওডি জেনেরিও‘র একটি জনবহুল এলাকায় স্ত্রীসহ বেড়াতে গিয়েছিলেন। তারপর থেকেই তিনি নিখোঁজ হন।
যদিও কিরিয়াকসের স্ত্রী নিজেই স্বামী নিখোঁজ হওয়ার খবরটি গ্রীক দূতাবাসকে জানান। তবে, স্ত্রী সঙ্গে থাকা অবস্থায় রাষ্ট্রদূত কীভাবে নিখোঁজ হলেন তা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিলো পুলিশ। ফ্রান্সোইসও প্রথমে স্বামী হত্যার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। পরে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি।

























































