রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চার দশক যাবত বঙ্গোপসাগর নিয়ন্ত্রণের চেষ্টা বিশ্ব পরাশক্তিদের


চার দশক যাবত বঙ্গোপসাগর নিয়ন্ত্রণের চেষ্টা বিশ্ব পরাশক্তিদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

400px-bayofbengalfishingzones-550x432
পূর্বাশা ডেস্ক:

চার দশক ধরে বাংলাদেশের সমুদ্রসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতা করছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও রাশিয়া। স্বাধীনতা যুদ্ধের পর চট্টগ্রাম বন্দর সচল করতে সহযোগিতার হাত বাড়ায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। বন্দরে পুঁতে রাখা মাইন অপসারণের পর চট্টগ্রাম বন্দর সচল করে তারা। এর মধ্য দিয়ে সোভিয়েত সরকারের মধ্যে এ প্রত্যাশা জন্মে যে, বঙ্গোপসাগর ঘিরে ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে তাদের কাজ অব্যাহত থাকবে।

তবে সোভিয়েত রাশিয়ার এই ইচ্ছার কথা প্রথম প্রকাশ করে তাদের চির প্রতিদ্বন্দি যুক্তরাষ্ট্র। ১৯৭২ সালে প্রণীত যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেট অন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের সমুদ্রসম্পদ নিয়ে রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) এ আগ্রহের বিষয়টি উঠে এসেছে। স্বাধীনতার পর বাংলাদেশ নিয়ে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় গোয়েন্দা প্রতিবেদন। তবে রাশিয়াই শুধু নয়,

বাংলাদেশের গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বরাবরই আগ্রহী যুক্তরাষ্ট্র। ২০১৫ সালেই বঙ্গোপসাগরের একাধিক ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ পায় যুক্তরাষ্ট্রের কোম্পানি কনোকোফিলিপস। তবে এ প্রতিযোগিতায় এখন যুক্ত হয়েছে ভারতও। অগভীর সমুদ্রের দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ পেয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি) বিদেশ লিমিটেড ও অয়েল ইন্ডিয়া লিমিটেড। অগভীর সমুদ্রের এসএস-৪ ও এসএস-৯ ব্লকে দ্বিমাত্রিক জরিপ করেছে ভারতীয় দুই প্রতিষ্ঠান। বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমে ভারতীয় কোনো প্রতিষ্ঠানের এটিই প্রথম অংশগ্রহণ।

ওএনজিসি ভারতের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান। ভারতে জ্বালানি তেলের প্রায় ৭৭ শতাংশ ও প্রাকৃতিক গ্যাসের ৬০ শতাংশের বেশি উৎপাদন করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। আর অয়েল ইন্ডিয়া লিমিটেড হচ্ছে ভারতে এ খাতের দ্বিতীয় বৃহৎ প্রতিষ্ঠান।

জানা গেছে, কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহ দেখিয়েছিল ভারত। এটি নির্মাণে আগ্রহী ছিল চীনও। বেইজিংয়ের সঙ্গে এ ব্যাপারে চুক্তির উদ্যোগও নেয়া হয়। তবে শেষ পর্যন্ত চুক্তিটি আর হয়নি। সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দরের বিষয়ে আগ্রহী রাশিয়াও। ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজেন্ডার ইগনাতোভ সম্প্রতি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়ের সঙ্গে বৈঠক করে মস্কোর এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

সোনাদিয়া সমুদ্রবন্দর নির্মাণ নিয়ে সরকার সময় নিলেও পটুয়াখালীর পায়রায় সমুদ্রবন্দর নির্মাণের কাজ অনেকটাই এগিয়েছে। ভারতকে ছাপিয়ে পায়রার মূল বন্দর নির্মাণের কাজ পেয়েছে চীন। সে দেশের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে এরই মধ্যে এ নিয়ে সমঝোতা স্মারকও সই হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিএইচইসি) ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড (সিএসসিইসি)।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, বন্দরটিতে কনটেইনার, বাল্ক, সাধারণ কার্গো হ্যান্ডলিংয়ের অবকাঠামো ছাড়াও থাকবে এলএনজি, পেট্রোলিয়াম ও যাত্রী টার্মিনাল। পাশাপাশি বন্দরটি ঘিরে গড়ে তোলা হবে অর্থনৈতিক অঞ্চলসহ তৈরি পোশাক, ওষুধ শিল্প, সিমেন্ট, কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র, মৎস্য প্রক্রিয়াকরণ অঞ্চল, সার কারখানা, তেল শোধনাগার ও জাহাজ নির্মাণ শিল্প।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ এ প্রসঙ্গে বলেন, অর্থনীতির মূল কেন্দ্র এখন পশ্চিম থেকে পূর্ব দিকে সরে আসছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। সমুদ্রসীমা চিহ্নিত হলেও সমুদ্রসম্পদ আহরণ ও তা রক্ষণে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা কম। ফলে এদিক থেকে আমাদের বিদেশনির্ভরতার প্রয়োজন পড়ছে। তবে আগ্রহীরা শুধু বাণিজ্যের বিষয়টি চিন্তা করে নয়, ভূরাজনীতি ও বিশ্বনিরাপত্তার বিষয়টি চিন্তা করছে। বঙ্গোপসাগরে তাদের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টাও তাই আরো বেড়েছে।

বঙ্গোপসাগরকেন্দ্রিক সামরিক সরঞ্জাম সরবরাহ নিয়ে প্রতিযোগিতায় রয়েছে দুই দেশ চীন ও রাশিয়া। বাংলাদেশকে এর আগে কিলো-ক্লাস সাবমেরিন ক্রয়ের প্রস্তাব দেয় রাশিয়া। এ ব্যাপারে উদ্যোগ নিয়েও মাঝপথে তা থেমে যায়। তবে চীনের কাছ থেকে সম্প্রতি টাইপ-০৩৫ মিং ক্লাসের দুটি ব্যবহূত সাবমেরিন কিনেছে বাংলাদেশ। যদিও দেশটি থেকে টাইপ ০৪১ ইউয়ান মডেলের সম্পূর্ণ নতুন সাবমেরিন কেনার উদ্যোগ নেয়া হয়েছিল। তুলনামূলকভাবে নতুন প্রযুক্তির এ সাবমেরিনের প্রতিটির জন্য চীন দর হাঁকে ২৫ কোটি ডলার।

বাংলাদেশের সমুদ্রসম্পদ ঘিরে বিদেশীদের তখনকার ও এখনকার অবস্থানের প্রেক্ষাপট ভিন্ন বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর। তিনি বলেন, স্বাধীনতার পর পর সোভিয়েতরা নিজেদের শক্তি বৃদ্ধির লক্ষ্যে এ অঞ্চলে উপস্থিতি নিশ্চিতের চেষ্টা করেছে। ভারত সে সময়ে এসব বিষয়ে এতটা সরব ছিল না। আর চীন মূলত মেরুকরণের দৃষ্টিকোণ থেকে সহায়তা করতে চেয়েছিল।

এখনকার প্রেক্ষাপট বর্ণনা কতে গিয়ে সাবেক এ কূটনীতিক বলেন, বর্তমান প্রেক্ষাপট হলো ব্যবসা, খনিজ সম্পদ ও নিরাপত্তা। প্রথমত. বাংলাদেশকে আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে বিবেচনা করা হচ্ছে। চীন বর্তমানে যে পণ্য বিক্রি করছে, তা হলো অবকাঠামো খাতের। এর বড় বাজার হচ্ছে বাংলাদেশ। এ কারণে চীনের কাছে আমরা গুরুত্বপূর্ণ। এছাড়া এশিয়ার অর্থনীতি যেহেতু উত্থানের পথে, তাই বঙ্গোপসাগরে নিজেদের প্রভাব রাখতে চাইছে যুক্তরাষ্ট্রও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি