পূর্বাশা ডেস্ক:
ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটি গত শনিবার দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়ি ফিরেছে। গতকাল রোববার পার্বতীপুর থানায় জবানবন্দি দিতে কেটে গেছে পুরো দিন। বাড়িতে ফিরতে পেরে শিশুটি খুবই খুশি। তবে সে এখন পর্যন্ত একা হাঁটতে পারছে না।
১৮ অক্টোবর শিশুটি নিখোঁজ হয়। পরদিন শিশুটিকে তার বাড়ির কাছে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। শিশুটির প্রজনন অঙ্গ, মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঊরুতে সিগারেটের ছ্যাঁকার ক্ষত ছিল। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন ছিল। শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত বছরের ২১ নভেম্বর ওর প্রজনন অঙ্গে অস্ত্রোপচার হয়। এরপরই বাড়ি ফিরল শিশুটি।
শিশুটির বাবা ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজকে আসামি করা হয়েছে। সাইফুলকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ সোমবার মোবাইলে শিশুটির মা-বাবার সঙ্গে কথা হয়। মা জানালেন, ১৫ দিন পর চিকিৎসকেরা ওকে ঢাকা মেডিকেলে নিতে বলেছেন। আর তিন মাস পর আবার অস্ত্রোপচারের কথা বলেছেন। এক ফাঁকে মোবাইলে শিশুটিও বলল, ‘আমি ভালো আছি, খাওয়া খাই।’ পরে মা হাসতে হাসতে বললেন, মেয়ে বাড়ি এসে খুব খুশি। খুব ব্যস্ত। তার কথা বলার সময় নেই। মা জানালেন, মেয়েটি আমার এখন পর্যন্ত একা হাঁটতে পারছে না। আধা ঘণ্টা পরপর প্রস্রাবে কাপড় ভিজে যাচ্ছে।
কথা বলার শুরুর দিকে শিশুটির মায়ের কণ্ঠে যে খুশির আভা ছিল, তা কমে ক্ষোভ জন্ম নিতে থাকে। শিশুটির মা বলেন, ওসিসিতে থাকার সময় পার্বতীপুর থানার লোক এসে মেয়ের জবানবন্দি নিয়ে গেছেন। আবার রোববার ‘বড় স্যার’ আসেননি বলে সারা দিন মেয়েকে নিয়ে থানায় থাকতে হলো। পরে মেয়ের জবানবন্দি নেওয়া হলো। থানা থেকে বলে দিয়েছে, আবার ডাকলে মেয়েকে নিয়ে যেতে হবে।
মা ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘ছোট বাচ্চা, ওরে এতবার ডাকতে হবে কেন? কিছু বুঝতে পারছি না। রোববার মেয়ের কথা অডিও ও ভিডিও রেকর্ড করেছে। ঢাকায় গিয়েও কথা বলছে। কে ধরছিল তা তো মেয়ে বলছেই। কী করছিল—এই প্রশ্নের দরকার কী? ও তো বলছেই কালো, মোটা কইরা এক লোক তারে ধরছিল। ঘরে নিয়ে চোখ বানছে। জল খাইতে চাইলে বোতলে কইরা কি যেন খাওয়াইছে। তারপর আর কিছু বলতে পারে না।’
শিশুর মায়ের অভিযোগের ব্যাপারে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ঢাকায় শিশুটির জবানবন্দি নেওয়া হয়নি। ওর শারীরিক অবস্থা কেমন, কথা বলতে পারবে কি না, তা জানার জন্য লোক গিয়েছিল। আর আইনি প্রক্রিয়ায় রোববার ওর জবানবন্দি নেওয়া হয়েছে। আর জবানবন্দি নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান মোস্তাক আহমেদ।
শিশুটির বাবা গত বছরের ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে পার্বতীপুর থানায় মামলা করেন। মামলায় সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজকে আসামি করা হয়েছে। মূল আসামি সাইফুলকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। আরেক আসামি এখন পর্যন্ত পলাতক।
শিশুটির মা বলেন, ‘আসামিরে রিমান্ডে নিলে তিনি নাকি “না স্বীকার” দিছে। মেয়ে তো প্রথম থেকেই বলছে ওর নাম। আরেক আসামির তো কোনো খোঁজই নাই।’
বিচার চাওয়ার প্রশ্নে শিশুর মা প্রথম আলোকে বলেন, ‘অপরাধীরে ফাঁসি দিলেই খুশি হতাম। আমার আত্মা শান্তি পেত। আসামিরা চোখের সামনে ঘুরে বেড়ালে কষ্ট পাব। আমি চাই, অপরাধীর এমন শাস্তি হোক, যা দেখে আর কোনো মানুষ যেন এ কাজ করতে সাহস না পায়। তারা যেন একটা শিক্ষা পায়।’
শিশুটির বাবা বলেন, ‘মেয়ে এখন পর্যন্ত হাঁটতে পারে না। ধৈর্য ধরে বিচার পাওয়ার আশায় বসে আছি।’


























































