শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যাঙ্গালুরুতে বর্ষবরণের রাতে যৌন হয়রানি, অনেক নারীর কান্না


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

271485_1
পূর্বাশা ডেস্ক:

ভারতের ব্যাঙ্গালুরুতে নতুন বর্ষবরণের অনুষ্ঠানে যৌন হয়রানির শিকার হয়েছেন অনেক নারী। এর মধ্যে তরুণী, যুবতীর সংখ্যাই বেশি। শনিবার দিবাগত রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে এ ঘটনা বাড়তে থাকে। এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অসহায় হয়ে পড়ে পুলিশ। তারা দর্শকের ভূমিকায় চলে যায়। কারণ, যে পরিমাণ মানুষের ঢল নেমেছিল রাস্তায় তা সামাল দেয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। হাজারো মানুষের ভিড়ে নারীরা হয়ে পড়েন অসহায়। তাদের সঙ্গে থাকা পুরুষ, বয়ফ্রেন্ড বা বন্ধুরা পরিস্থিতি সামাল দিয়ে তার সঙ্গীকে রক্ষা করতে পারছিলেন না। এ অবস্থায় অনেক যুবতী পড়িমরি করে ছুটে গিয়েছেন কোনো নারী পুলিশের কাছে। তার বুকে ঝাঁপিয়ে পড়ে নিরাপত্তা চেয়েছেন। এ সময় তাদের অনেককে কাঁদতে দেখা গেছে। এমন সব নোংরা ঘটনা ঘটেছে ব্যাঙ্গালুরু মূল শহরে এমজি রোড ও বিগ্রেড রোডে। সেখানে আগে থেকেই পূর্ব সতর্কতা হিসেবে মোতায়েন করা হয়েছিল ১৫০০ পুলিশ। তা সত্ত্বেও নারীরা ভয়াবহভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। শিশুরা তা দেখে আর্ত চিৎকার করেছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, ওই দুটি সড়কে রাত বাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ সমবেত হতে থাকে। কেউ পায়ে হেঁটে, কেউ মোটর সাইকেলে, কেউ গাড়িতে করে গিয়ে বর্ষবরণের উৎসবে যোগ দেন। কিন্তু মধ্যরাতের কাছাকাছি সময়ে নরপিশাচরা জেগে ওঠে। তারা নারীদের ওপর তাদের নগ্ন থাবা বসাতে থাকে। তাদেরকে যৌন নির্যাতন করতে থাকে। পাশ দিয়ে কোন নারী গেলেই তার দিকে ছুড়ে মারতে থাকে নোংরা মন্তব্য। এর ফলে বাধ্য হয়ে অনেক নারী তার জুতা খুলে দ্রুত সরে যান ঘটনাস্থল থেকে। সহায়তা চান অন্যদের কাছে। ব্যাঙ্গালুরু মিররের একজন ফটোসাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন এমজি রোড ও ব্রিগেড রোডে। তিনি প্রথমে প্রত্যক্ষ করেন এসব দৃশ্য। তার চোখের সামনে নারীদের ওপর গণহারে নির্যাতন চলতে থাকে। তখনও সেখানে পুলিশ উপস্থিত। ওই সাংবাদিক বলেন, হামলাকারীরা সংখ্যায় এত বেশি ছিল যে পুলিশের সেখানে করার কিছুই ছিল না। শহরের সাবেক পুলিশ কমিশনার এন মেগারিখ দাবি করেছেন, পুরো পুলিশ বাহিনীকে শহরের রাস্তায় মোতায়েন করা উচিত ছিল। কিন্তু যে পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং যে নিরাপত্তামুলক ব্যবস্থা নেয়া হয়েছিল তা মদ্যপ নরপিশাচদের হাত থেকে নারীদের রক্ষার জন্য যথেষ্ট ছিল না। ওই ফটোসাংবাদিক বলেছেন, নারীদের ওপর নির্যাতন দেখে আমি ব্যক্তিগতভাবে পুলিশের কাছে গেলাম। তাদেরকে এমজি রোডে দু’জন নারী এমন নির্যাতনের শিকার হচ্ছেন বলে তাদেরকে জানালাম। আমার অভিযোগ পেয়ে পুলিশ সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই নরপিশাচরা সেখান থেকে সরে যায়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবার ফিরে আসে তারা। এ সময় তাদের অত্যাচারে অনেক নারীকে কাঁদতে দেখা গেছে। ফটোসাংবাদিকের তোলা ছবি ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা সত্ত্বেও সিটি পুলিশ আনুষ্ঠানিকভাবে বলেছে, একটিও যৌন হয়রানির মামলা তাদের কাছে আসে নি। এমন কোনো অভিযোগ নিবন্ধিত হয় নি। শহরের সাবেক ডেপুটি কমিশনার সন্দীপ পাতিলের দায়িত্ব ছিল ব্রিগেড রোড ও এমজি রোড। তিনি ব্যাঙ্গালুরু মিররকে বলেছেন, কয়েকজন নারী তাদের কাছে গিয়েছিলেন। তারা তাদের পরিবারের সদস্য ও বন্ধুদের খুঁজে দিতে পুলিশের সহায়তা চেয়েছেন। একই রকম বক্তব্য দিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার নগেন্দ্র কুমার। তিনি বলেছেন, শহরের কন্ট্রোল রুম এমন কোনো কল পায় নি। কোনো নারী নির্যাতিত না যৌন নির্যাতনের শিকার হয়েছেন এমন কোনো অভিযোগ আসেনি। ওদিকে ব্যাঙ্গালুরু শহর নারীদের জন্য অনিরাপদ হয়ে যাওয়ায় সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করেছেন। এসব লজ্জাজনক অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। উল্লেখ্য, ২০১৪ সালে এই শহরে ৬৯০টি যৌন নির্যাতনের অভিযোগ নিবন্ধিত হয়েছে পুলিশের কাছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২২ জনকে। ২০১৫ সালে এমন ঘটনা ঘটেছে ৭১৪টি। ২০১৬ সালে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে ৭৫৬টি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি