স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় শ্রীকাইল ইউনিয়নের ভাঙ্গানগর গ্রামে নূরী আক্তার (১৫) নামে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার বিচার চাওয়ায় ধর্ষিতার বড় ভাই নিজাম উদ্দিনকে কুপিয়ে আহত করেছে ধর্ষক ও সন্ত্রাসীরা। আহত নিজাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
থানায় অভিযোগ দায়েরের পর স্থানীয় ইউপি সদস্য ঘটনার মীমাংসার দায়িত্ব নিয়েছেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ধর্ষিতার পরিবার। খানায় ভাঙ্গানগর গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
সরেজমিনে জানা গেছে, ২৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার বড় পিপড়িয়া গ্রামের আফজাল শাহ্ ফকিরের বার্ষিক উরস মাহফিলে নূরী গেলে তাকে ফুসলিয়ে ধর্ষক নজরুল মাজারের পাশের ব্রিকস ফিল্ডে নিয়ে ধর্ষণ করে। এর বিচার চাইলে শুক্রবার রাতে নূরীর ভাই নাজিম উদ্দিনকে নজরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরামর্শ দেন।
ধর্ষিতার মা নিলুফা বেগম অভিযোগ করে জানান, এ ঘটনায় গত ১ জানুয়ারি রবিবার নজরুলসহ পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচজনের নামে বাঙ্গরা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় নজরুলের পরিবার আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। অভিযোগের পর স্থানীয় ইউপি সদস্য বিষয়টি মীমাংসা করে দেয়ার কথা বলে দায়িত্ব গ্রহণ করে। কিন্তু থানায় অভিযোগের সাতদিন অতিবাহিত হয়ে গেলেও কোনো সুরাহা হয়নি।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর বলেন, ‘মেয়েটি প্রতিবন্ধী আর ছেলেটি (নজরুল) বখাটে তাই বিষয়টি লম্বা না কর স্থানীয়ভাবে শেষ করার চেষ্টা করছি।’
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। ধর্ষণের আলামত পেলে মামলা হবে। সম্ভবত ধর্ষণের কোনো প্রকার আলামত পাওয়া যায়নি। স্থানীয় মেম্বার সাহেব বিষয়টির ভার নিয়েছেন। দেখা যাক মেম্বার কি করে।’


















































