ঘুষ দিতে না পারায় কলেজ ছাত্রকে বর্বরোচিত শারীরিক নির্যাতন করলেন রাজাপুর থানার ওসি মুনীর উল গিয়াস। এক পর্যায়ে দুই লাখ টাকা দেয়ার পর নির্যাতন বন্ধ হলেও চুরির মামলা সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে নির্যাতিত কলেজছাত্রের পরিবার।
সংবাদ সম্মেলনে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে না পারায় কলেজছাত্রকে শারীরিক নির্যাতন ও মিথ্যা চুরির মামলায় সন্দেহভাজন আসামি করার অভিযোগ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় ঝালকাঠি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই ছাত্রের ছোটভাই কামরুল হাসান মুরাদ লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলার রাজাপুর উপজেলার জগাইরহাট এলাকার প্রয়াত শাজাহান আলীর ছেলে স্থানীয় বড়ইয়া ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ ইমরান হোসেন আদানান বিদেশে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল।
এ কাজের জন্যে থানায় পুলিশ ক্লিয়ারেন্স আনতে গেলে রাজাপুর থানা পুলিশ ১০ হাজার টাকা দাবি করে। পাঁচ হাজার টাকা দিলে গত বছরের ৫ ডিসেম্বর ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা থেকে আনানের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই উল্লেখ করে প্রত্যয়ণপত্র দেয়া হয়।
এদিকে, গত ৭ ডিসেম্বর রাতে ১১টার দিকে রাজাপুরের বাসা থেকে দুই ভাই আদনান ও মুরাদকে থানায় ডেকে পাঠান ওসি মুনীর উল গিয়াস।
এ সময় থানায় রেখে আদনানকে বেধড়ক পেটায় পুলিশ। এক পর্যায় ওসি বলেন, ‘শালা তোর বাবা ৪০ বছর বিদেশ ছিল, তোদের অনেক টাকা। পাঁচ লাখ টাকা দিলে ওর জীবন ভিক্ষা পাবি। তাছাড়া ক্রসফায়ার দিয়ে দেব।”
এদিকে মামধরের এক পর্যায় আদনান জ্ঞান হারিয়ে ফেললে বাসা থেকে দুই লাখ টাকা এনে ওসিকে দিলে মারধর থামানো হয়। এছাড়া আটককালে আদনানের কাছ থেকে তার পূবালী ব্যাংক রাজাপুর শাখার (হিসাব নম্বর-৭১৪০৪৫৫) অনুকূলে একটি চেকের পাতায় টাকার অংক ফাঁকা রেখে স্বাক্ষর করিয়ে নেন ওসি। পরের দিন ৮ ডিসেম্বর একটি চুরির মামলায় সন্দেহভাজন আসামি দেখিয়ে আদনানকে আদালতে পাঠায়।
সংবাদ সম্মেলনে আদানানের ভাই আরও বলেন, “আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই উল্লেখ করে মাত্র দুদিন আগেও পুলিশ প্রত্যয়নপত্র দিয়েছে। কিন্তু ৫ লাখ টাকা দিতে না পারায় দুদিন পর তাকেই চুরির আসামি দেখিয়ে আদালতে পাঠায়।”
সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারটি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বরিশাল ও ঝালকাঠির পুলিশ কর্মকর্তাদের কাছে ওসি মুনীর উল গীয়াসের বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে নির্যাতিত কলেজছাত্র আদনানের মা তাছলিমা বেগমও উপস্থিত ছিলেন।


























































