পূর্বাশা ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ নালিশ পার্টি’ রাখা উচিত।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় ‘বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’ (বিআরটিএ) এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সব সময়েই অন্ধকারে ঢিল ছুঁড়ে। কিন্ত, সত্য খুঁজে পায় না। মূলত তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে। কারণ, তাদের এখন নালিশ ছাড়া আর কিছু নেই ।বিএনপি জাম্বুজেট মার্কা কমিটি করেছে। তারা কর্মসূচি দেয়। কিন্তু নেতারা ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখে। তারা কেউ বাইরে বের হয় না, রাস্তায়ও যায় না। তাহলে কর্মীরা কি করে আন্দোলনে শরিক হবে? এ সময় তিনি হেমায়েতপুর সড়ক প্রশস্তকরণসহ একটি ফুট ওভারব্রীজ নির্মানের ঘোষণা দেন।
বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনিবুর রহমান এ সময় ফিটনেসবিহীন যানবাহন চালনোর অভিযোগে ৭ চালককে ১৫ দিন করে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেন।
মন্ত্রীর সাথে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা।























































