বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০০৬ সালের ২৯ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের নিকট ক্ষমতা হস্তান্তর করে। এরপর গত ১০ বছরে ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ দুই বার ক্ষমতায় এলেও সোজা হয়ে দাঁড়াতে পারেনি বিএনপি। দলের রাজনৈতিক দুরাবস্থার সঙ্গে পাল্লা দিয়ে লোকসানে ডুবছে বিএনপি নেতাদের ব্যবসাও।
ব্যবসায়িক মন্দায় বছরজুড়ে লোকসান গুনছে বিএনপির নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান। পাশাপাশি ঋণখেলাপি হওয়ার মামলার জালে জড়িয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
তথ্যানুসন্ধানে দেখা যায়, ব্যবসায়িক লোকসান, সিকিউরিটিজ আইন অমান্য কারায় বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওভার দ্য কাউন্টার মার্কেটে রয়েছে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কোম্পানি ড্যান্ডি ডাইং লিমিটেড। ব্যবসায়িক দুরাবস্থা অব্যাহত থাকায় ২০১০ সালের পর থেকে কোম্পানিটি উভয় স্টক এক্সচেঞ্জকে আর্থিক প্রতিবেদন দাখিল করেনি। ৬ কোটি ২০ লাখ টাকা পরিশোধিত মূলধনধারী কোম্পানিটির বর্তমানে পুঁঞ্জিভূত লোকসানের পরিমাণ ১৪ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা।
সূত্র জানায়, ২০১৩ সালের ২ অক্টোবর ড্যান্ডি ডায়িংরে উদ্যোক্তা পরিচালকদের বিরুদ্ধে অর্থঋণ আদালতে ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপীর অভিযোগে মামলা করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় মামলাটির বিবাদী হিসেবে ছিলেন কোকো রহমান। কিন্তু কোকো মারা যাওয়ায় ২০১৫ সালের ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া ও কোকার স্ত্রী-সন্তানদের বিবাদী হিসেবে পক্ষভুক্ত করেন। মামলাটিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৬ জন বিবাদী রয়েছেন।
মামলার অপর বিবাদীরা হলেন প্রয়াত সাঈদ এস্কাদরের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার, মাসুদ হাসান ও অন্যান।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগরের বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল মিন্টু মাল্টি মোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান। সর্বশেষ ২০১১ সালে মুনাফা করেছে কোম্পানিটি। এরপর থেকে টানা লোকসানে রয়েছে কোম্পানিটি। বিগত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩৫ টাকা।
এছাড়া ন্যাশনাল ব্যাংকের সর্বোচ্চ শেয়ারধারীদের তালিকায় রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু। এ প্রতিষ্ঠানেরও ব্যবসায়িক অবস্থা নাজুক। ২০১১ সালে ন্যাশনাল ব্যাংকের মুনাফা হয়েছিল ৬১১ কোটি টাকা। ২০১৫ অর্থবছর শেষে মুনাফা ৩৮৮ কোটি টাকায় নেমে এসেছে।
কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ এম. আওয়াল। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ছিলেন তিনি।
বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা হারুনার রশীদ খান মুন্নুর মুন্নু সিরামিকের ব্যবসায়িক অবস্থাও নাজুক। গ্যাস সল্পতায় দিন দিন মুনাফা কমছে প্রতিষ্ঠানটির। ২০১১ সালে কোম্পানিটির মুনাফা হয়েছিল ৩ কোটি ২ লাখ টাকা। চার বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা দশগুণ কমে ৩০ লাখ টাকায় নেমে এসেছে।
বিএনপি’র স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের ঢাকা ব্যাংকের ব্যবসায়িক অবস্থাও নাজুক। বিগত দশ বছরের মধ্যে সর্বনিম্ন মুনাফা করেছে ২০১২ সালে। যদিও পরে কোম্পানিটি মুনাফার ইতিবাচক প্রবণতায় ফিরেছে। তবুও চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির মুনাফা কমেছে। ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে ঢাকা ব্যাংকের ব্যবসায়িক মুনাফা কমে ছিল প্রায় ৫০ কোটি টাকা। চলতি বছরের মুনাফা আরো নিম্নমুখী।
১১ নভেম্বর ২০১৫ মুনাফার সর্বোচ্চ উল্লম্ফন দেখিয়ে ৩০ জুন ২০১৫ সালের জন্য রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব করে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোটভাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মালিকানাধীন কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কিন্তু ২২ নভেম্বর ২০১৫ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) মৃত্যুদণ্ডের রায় কার্যকর করে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এর পরই পাল্টে গেছে ঢাকা ডাইংয়ের ব্যবসায়িক অবস্থা।
৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির লোকসান হয়েছে ২৮ কোটি ৭৬ লাখ টাকা। কিন্তু বিগত ৫ বছরেও লোকসান গোনেনি কোম্পানিটি।
এ প্রসঙ্গে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডসহ উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলেও কেউ মতামত দিতে রাজি হননি।























































