মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হোয়াইটওয়াশে শেষটাও থাকল হতাশায় মোড়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০১৭

 277517_1

ডেস্ক রিপোর্টঃ

দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে।

এর ফলে সফরে ওয়ানডে, টি ২০’র পরে দুই ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হল টাইগাররা। হতাশায় মোড়া এক সফর শেষ করল বাংলাদেশ।

চতুর্থ দিনে সোমবার বাংলাদেশের দেয়া ১০৯ রানের লক্ষ্য স্বাগতিকরা ১৮ দশমিক ৪ ওভারে মাত্র এক উইকেটে হারিয়ে পৌঁছে যায়।

ওয়ানডে স্টাইলে খেলে এ জয় তুলে নেয় স্বাগতিকরা। দলের পক্ষে ছয় চার ও এক ছক্কায় ৪১ রান করে টম ল্যাথাম এবং মাত্র ১৫ বলে চারটি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন কলিন ডি গ্র্যান্ডমি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের একমাত্র সাফল্য জিৎ রাভালকে আউট করা। কামরুল ইসলাম রাব্বির বলে সরাসরি বোল্ড হওয়ার আগে তিনি ৪০ বলে চার বাউন্ডারিতে করেন ৩৩ রান।

এর আগে সফরকারী বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ১৭৩ রানে। কিউইদের প্রথম ইনিংস থেকে ৬৫ রানে পিছিয়ে থাকায় টাইগারদের লিডটা দাঁড়ায় ১০৮ রানের।

১১৫ রানে আট ব্যাটসম্যানকে হারানোর পরেও বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে সন্মানজনক এই পুঁজি পায় মূলত বোলার তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বির ৫১ রানের জুটির কল্যাণে।

ইনিংসের শুরুটাই আসে হতাশা দিয়ে। দলীয় ১৭ রানে তামিম ইকবালকে (৮) স্যাটনারের ক্যাচ বানিয়ে টাইগার শিবিরে প্রথম আঘাত হানেন টিম সাউদি। এরপর সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদ একটি ভালো জুটির আভাস দিচ্ছিলেন। কিন্তু ৪১ রানের এই জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডমি। দলীয় ৫৮ রানে রাভালের তালুবন্দি করে তিনি তুলে নেন ৬ বাউন্ডারিতে ৩৬ রান করা সৌম্যকে।

দলকে বিপদে রেখে দলীয় ৭৩ রানে ফিরে যান সাকিব আল হাসান। সাউদির বলে গ্র্যান্ডমির হাতে ধরা পড়ার আগে তিনি করেন ৮ রান। আর দলীয় ৯২ রানে ওয়েংগারের বলে বোল্ড হন দারুণ খেলতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি করেন ৩৮ রান।

দলকে বিপদে রেখে ওয়েংগারের বলেই উইকেটের পেছনে ব্যক্তিগত শূন্য রানে ক্যাচ দেন সাব্বির রহমান। ওই ওভারেই শূন্য রানে উইকেটের পেছনে ক্যাচ দেন নুরুল হাসান সোহানও। এরপর দলীয় ১০৬ রানে বোল্টের বলে বোল্ড হন নাজমুল হোসাইন শান্ত ১২ রান করে।

আর মেহেদী হাসান মিরাজ ব্যক্তিগত ৪ রানে তার বলেই ল্যথামের তালুবন্দি হন, দলীয় ১১৫ রানে। সেখান থেকে তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি নবম উইকেটে ৫১ রানের জুটি গড়েন, যেটি এই ইনিংসের সর্বোচ্চ।

টেন্ট বোল্টের বলে বোল্ড হওয়ার আগে তাসকিন ৩০ বলে দুই ছক্কা এক চারে ৩৩ রান করেন। শেষ ব্যাটসম্যান হিসেবে টিম সাউদির বলে রুবেল হোসেন উইকেটের পেছনে ক্যাচ দেন। তবে ২৯ বলে তিন চার এক ছক্কায় ২৫ রানে অপরাজিত থাকেন রাব্বি।

নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট, সাউদি ও ওয়েংগার প্রত্যেকে ৩টি করে এবং কলিন ডি গ্র্যান্ডমি একটি উইকেট পান। দুই ইনিংস মিলে ৮ উইকেটে নিয়ে ম্যাচসেরা হয়েছেন টিম সাউদি।

এর আগে স্বাগতিক নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩৫৪ রানে। চতুর্থ দিন সোমবার হেনরি নিকলসের বীরত্বপূর্ণ ৯৮ রানে ভর করে তারা এই রান সংগ্রহ করেন। এদিন তারা তিন উইকেট হারিয়ে ৯৪ রান যোগ করে।

ক্রাইস্টচার্চে শেষ টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির কারণে খেলা বন্ধের আগে নিউজিল্যান্ড ৭ উইকেটে ২৬০ রান করেছিল। তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

বাংলাদেশের পক্ষে ৫০ রানে সাকিব ৪টি এবং মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি দুটি করে উইকেট পান।

এর আগে বাংলাদেশ ২৮৯ রানে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি