শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির কুবি পুরো সপ্তাহের ২৪টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত


শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির কুবি পুরো সপ্তাহের ২৪টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

imagesস্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি এবং শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা চালুর দাবিসহ মোট ১১ দফা দাবিতে সপ্তাহ জুড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা যায়। এতে মোট ২৪ টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে।
জানা যায়, গভীর রাতে শিক্ষকের বাসায় হামলার রহস্য উৎঘাটন করে দ্রুত দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা, ১ আগষ্ট ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত খালিদ সাইফুল্লাহ হত্যাকান্ডের বিচার, শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত ডিন এম এম শরীফুল করীমকে সকল পদ থেকে অব্যাহতিসহ ৬ দফা দাবির প্রেক্ষিতে পুরো সপ্তাহ জুড়ে টানা আন্দোলন করেছেন শিক্ষক সমিতি। অপর দিকে ক্লাস-পরীক্ষা চালুর দাবিসহ ১১ দফা দাবিতে গত রবিবার থেকে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় ক্লাস-পরীক্ষার দাবিতে বুধবার দুপুর ১২টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
কুবির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী জানান, বৃহস্পতিবার বিভিন্ন বিভাগের স্নাতকের ৮টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করাসহ পুরো সপ্তাহে স্নাতক ও স্নাতকোত্তরের মোট ২৪ চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলনে আমরা চার বছরের কোর্স অনেক সময় ছয় বছরেও শেষ করতে পারি না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, আমারাও চাই ক্লাস করাতে কিন্তু উপাচার্য আমাদের যৌক্তিক দাবিগুলো না মেনে নিয়ে শিক্ষক সমিতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন’।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা রবিবার শিক্ষক সমিতির কার্যনির্বাহী ও সাধারণ সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নিব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ বলেন, ‘বৃহস্পতিবার তিনটার সময় শিক্ষক সমিতির সাথে আমার মিটিং ছিল কিন্তু তারা আমার সাথে দেখা করেননি।’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি