শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

পারিবারিক কলহের জেরধরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে নেয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার শিকার রাসেদুল ইসলাম (৫০) কে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত ১১টার দিকে উপজেলা পৌর শহরের বালিজুড়ি এলাকার পন্ডিত পাড়ায় এ ঘটনায় ঘটে। এ ঘটনায় রাসেদুলের চাচাতো ভাই আবদুল করিম বাদী হয়ে সোমবার দুপুরে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ রাসেদুলের স্ত্রী তিন সন্তানের জননী ফেরদৌসী বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা পৌর শহরের বালিজুড়ি পন্ডিত পাড়ার রাসেদুল দশ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত বছর নভেম্বর মাসে তিনি বাড়ি আসেন। একপর্যায়ে তিনি বিদেশে থাকাকালীন স্ত্রীর কাছে পাঠানো টাকার হিসাব চান। টাকার হিসাব দিতে না পারায় প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক লেগে থাকতো।

রবিবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে আবারো তর্ক বিতর্ক হয়। পরে রাসেদুল ঘুমিয়ে পড়লে স্ত্রী ফেরদৌসী ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কাটার চেষ্টা করেন। এ সময় স্বামীর চিৎকারে আশপাশের লোকজন রাসেদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই স্ত্রী ফেরদৌসী বেগমকে গ্রেপ্তার করে।

মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, রাসেদুল-ফেরদৌসী দম্পতির কোনো ছেলে নেই। তাদের তিনটি মেয়ে আছে। বিদেশে থাকা অবস্থায় স্ত্রীর কাছে পাঠানো টাকার হিসাব ও কিছু টাকা চাওয়ায় দুজনের মধ্যে কলহ লেগেই থাকত। এই কলহের জেরেই রাসেদুলের স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি