শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৪ বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি দেশের চার বিশিষ্ট নাগরিককের সঙ্গে মতবিনিময় করেছে।সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বুধবার সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা এ বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, ​সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

বৈঠক শেষে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘যোগ্য সার্চ কমিটি হয়েছে। আশা করি তারা রাষ্ট্রপতির কাছে যোগ্য নামটি পাঠাবে। সার্চ কমিটিকে সৎ, যোগ্য ও সাহসী লোকের নাম পাঠানোর বিষয়ে মত দিয়েছি।’

ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সরকারি দল যাতে কোনো হস্তক্ষেপ না করে।’

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, ‘আগামী নির্বাচনের ওপর নির্ভর করবে দেশের গণতান্ত্রিক পরিবেশ কেমন হবে। ফলে নির্বাচন কমিশনে যোগ্য, সৎ ও সাহসী লোক নিয়োগ করতে হবে।’

এরআগে সোমবার সার্চ কমিটি ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করে।

গত শনিবার সকালে অনুষ্ঠিত সার্চ কমিটির প্রথম বৈঠকে তাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি। এছাড়া ওই বৈঠকে নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচটি করে নাম চাওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বরাবর ২৭টি রাজনৈতিক দল নাম জমা দেয়।

মঙ্গলবার বিকেল চারটার দিকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নামগুলো সার্চ কমিটিকে দেওয়া হয়। দুটি দল নাম না দিলেও চিঠি দিয়ে নাম না দেওয়ার কারণ ব্যাখ্যা করে। রাজনৈতিক দলগুলোর পাঠানো নাম থেকে সততা, কর্মদক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে সার্চ কমিটি। আরও যাচাই-বাছাইয়ের পর ৮ ফেব্রুয়ারির মধ্যে ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেওয়া হবে।

রাজনৈতিক দলগুলো সার্চ কমিটির কাছে ১২৫টি নাম জমা দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি