
তানভীর সাবিক,কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহ ধরে শিক্ষক সমিতির লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির মধ্যেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে থানায় সাধারণ ডায়েরি করলেন শিক্ষকবৃন্দ। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশ্ববিদ্যালয়ের ৬১জন শিক্ষক এ সাধারন ডায়েরি (জিডি) করেছেন। এদিকে ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে ৭২ ঘন্টার সময়সীমা বেধে দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ। এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১৩টি প্রশাসনিক পদসহ ২৫টি পদ থেকে পদত্যাগ করেন বঙ্গবন্ধু পরিষদভুক্ত বেশ কয়েকজন শিক্ষক।
সাধারণ ডায়েরির আবেদন সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলা, শিক্ষার্থী কর্তৃক শিক্ষককে লাঞ্ছনা ও হুমকি প্রদানসহ বহুবিধ ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালেও কোন পদক্ষেপ না নেয়ায় শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এই সাধারণ ডায়েরি করেন ৬১জন শিক্ষক। সাধারণ ডায়েরি নাম্বার হল ৬৮। এর আগে গত মঙ্গলবার উপাচার্য কতৃক শিক্ষকদের মধ্যে বিভক্তি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জামায়াতিকরণসহ অযাচিত মন্তব্য, বিচারহীনতার সংস্কৃতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ১৩টি প্রশাসনিক পদসহ ২৫টি পদ থেকে পদত্যাগ করেন বঙ্গবন্ধু পরিষদভূক্ত শিক্ষকরা।
এদিকে শিক্ষকের বাসায় হামলার বিচার দাবি করে শিক্ষক সমিতির ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিকে অযৌক্তিক উল্লেখ করে ৭২ ঘন্টা সময়সীমার মধ্যে ক্লাস ও পরীক্ষা চালুর দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার শিক্ষক সমিতি বরাবর স্মারকলিপি দিলেও শিক্ষক সমিতি তা গ্রহণ করেনি। রবিবার দুপুরের মধ্যে যদি ক্লাস-পরীক্ষার ঘোষণা না দেয়া হয় তবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান শাখা ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ।
স্মারকলিপির বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবু তাহের বলেন, ‘স্মারকলিপি প্রশাসনের কাছে দিতে হয়। আমাদের কাছে অনুলিপি দিতে পারে। এ জন্য তা গ্রহণ করিনি।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ বলেন, ‘ক্লাস-পরীক্ষা চালু করা এই মুহূর্তে খুব জরুরী। শিক্ষকদের সাথে আলোচনা চলছে। আমি চাই শিক্ষকরা ক্লাসে ফিরে যান।’
উল্লেখ্য, ১৭ জানুয়ারি গভীর রাতে দুই শিক্ষকের বাসায় পরিকল্পিত হামলার দ্রুত রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা, শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত ডিন এম এম শরীফুল করীমকে তদন্ত চলাকালীন সময়ে সকল পদ থেকে অব্যাহতি দেওয়াসহ ৬ দফা দাবিতে গত ২২ জানুয়ারি থেকে লাগাতারভাবে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষকদের আন্দোলনের ফলে ১৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১৯টি বিভাগে একটিও ক্লাস অনুষ্ঠিত হয়নি। ২২ জানুয়ারি থেকে মোট ৯ কার্য দিবসে এ পর্যন্ত বিভিন্ন সেমিস্টারের ৩৩টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান উপ পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী।

















































