ডেস্ক রিপোর্টঃ
এক সময়ের মাঠ মাতানো ফুটবলার রোনালদিনহোকে আবার ফিরিয়ে আনতে যাচ্ছে বার্সেলোনা। তবে বার্সায় এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে তাকে। কাতালান ক্লাবটির অ্যাম্বাসাডর হয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন রোনালদিনিহো।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। বিবৃতিতে বলা হয়, “রোনালদিনিহোকে অ্যাম্বাসাডর নিযুক্ত করতে তার সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে টিম বার্সেলোনা। যেখানে দলের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি।”
বার্সায় রোনালদিনিয়োকে যেসব দায়িত্ব পালন করতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে সাবেক ফুটবলারদের নিয়ে একটি দল গঠন করছে বার্সেলোনা। যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে ক্লাবের পক্ষে প্রচারণা চালাবেন।
এ ছাড়া ইউনিসেফের সঙ্গে বার্সা ফাউন্ডেশনের সঙ্গেও কাজ করবেন তিনি।
২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সি গায়ে ২০৭ ম্যাচে ৯৪ গোল করেছেন ব্রাজিলের এই খ্যাতিমান তারকা। এই কয়েক বছরে প্রায় এক ডজন শিরোপা জেতে বার্সেলোনা। -সংবাদমাধ্যম

























































