শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হঠাৎ নির্বাক চীন, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প অনিশ্চিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ২৭ হাজার কোটি টাকার চীনা ঋণ অনিশ্চিত হয়ে পড়েছে। রেলপথ মন্ত্রণালয় থেকে কয়েক দফা যোগাযোগ করা হলেও সাড়া দেয়নি চীনা কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো রেল কর্তৃপক্ষের চিঠিতে জানানো হয়, ২০১৭ সালে বাংলাদেশের জন্য চীনা এক্সিম ব্যাংকের স্বল্প সুদে ঋণের প্রস্তাবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি এখনো অন্তর্ভুক্ত হয় নি। এ বছরে ঋণ মঞ্জুর ও শুষ্ক মৌসুমে কাজ শুরু না করতে পারলে ট্রেন চালু করতে সরকারের প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে না। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সাথে যোগাযোগ করা হলেও তাতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ।

স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে একটু একটু করে ধরা দিলেও পদ্মার বুক চিরে রেলযাত্র হয়তো অনেক দূরের স্বপ্ন। কারণ চীনা ঋণের ২৭ হাজার কোটি টাকা এখনও অধরা বাংলাদেশের কাছে। ঋণ যাদের দেয়ার কথা সেই চীনা এক্সিম ব্যাংকই এখন নির্বাক। ঋণচুক্তির জন্য রেলপথ মন্ত্রনালয়ের কয়েকদফা সাড়া দেয়নি ব্যাংকটি। তাই সময়মতো কাজ শুরু করা যাচ্ছে না।

মন্ত্রণালয়ই যখন হতাশ তখন আশা দেখাবে কে? এক্সিম ব্যাংকের এমন আচরণের কোন ব্যাখ্যা নেই রেল মন্ত্রনালয়ের কাছে। তবে আশা ছাড়েন নি রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ‘টাকা তো পাবোই। এখন বিষয় হলো সময়। এই মূহূর্তে পেলে আমরা সময় মতো কাজ করতে পারবো। অর্থায়ন দেরিতে হলে কাজেও দেরি হয়ে যাবে।’

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের মতে, সময়মতো কাজ শেষ করতে না পারলে সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ। এ বিষয়ে বাংলাদেশের চীন দূতাবাসের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর মেলেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি