পৃথিবীতে দুই ধরণের লোক রয়েছেন, একধরণের লোক কোনো কিছুতেই তুষ্ট নন। আরেক ধরণের লোক আছেন যারা অল্পতেই অর্থাৎ নিজেদের যা আছে তাতেই সন্তুষ্ট। অল্পতেই তুষ্ট এই কলম্বিয়ান দম্পতি। তাই তো আধুনিক যুগেও ঘর ছেড়ে নর্দমায় বসবাস করছেন মারিয়া গারসিয়া এবং তার স্বামী মিগুয়েল রেসট্রেপো।
এটা বিশ্বাস করা কঠিনই, তবে অবিশ্বাস্য হলেও সত্যি গত ২২ বছর ধরে নর্দমায় বাস করে আসছেন এই যুগল।
মারিয়া এবং মিগুয়েল যখন কলম্বিয়ার মেডেলিনে পরষ্পরের সাক্ষাৎ পান, তখন তারা উভয়ই মাদকাসক্ত ছিলেন। কলম্বিয়ার এই অঞ্চলটি সহিংসতা এবং মাদক পাচারের জন্য কুখ্যাত।
তারা রাস্তায় বাস করতো এবং মাদকাসক্ত তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। তাই একটা পর্যায় এসে তারা উভয়ই মাদক ছেড়ে দেবেন বলে সিদ্ধান্ত নেন।
মাদকাসক্ত বিধায় কোনো বন্ধু-বান্ধব এমনকি পরিবারও তাদের আশ্রয় দেয়নি। এমনকি কোনো আর্থিক সহযোগিতাও করেনি। তাই এই নর্দমাকেই নিজেদের আবাসস্থল বানিয়েছেন মারিয়া এবং মিগুয়েল। এখন তারা খারাপ অবস্থা কাটিয়ে নতুনভাবে জীবন পরিচালনা করছে।
নর্দমা শুনতে খারাপ লাগলেও এই দম্পতি নর্দমাকেই বসবাস উপযোগী করে তুলেছেন। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় প্রায় সব উপকরণই রয়েছে তাদের এই ছোটে ঘরে। আছে বিদ্যুৎ এবং টেলিভিশন। ছুটির দিন এবং বিভিন্ন উৎসবের সময় তারা নিজেদের ঘরকে সাজান।
তাদের একটি পোষা কুকুরও রয়েছে। যার নাম ব্লাকি। মারিয়া এবং মিগুয়েল যখন থাকেন না তখন এই কুকুরই তাদের বাড়ি পাহড়া দেয়।

























































