শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসবে প্রাণের মেলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৭

 

স্টাফ রিপোর্টার:

বাসন্তী শাড়ী, খোপায় গাঁদা ফুল আর কপালে লাল টিপ। বাঙ্গালী নারী পূর্ণরূপ যেন ফুটে উঠেছে কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ ক্যাম্পাসে।ছেলেদের হলুদ পাঞ্জাবী প্রমাণ করে বসন্ত এসে গেছে। সোমবার কলেজ মাঠে ভীড়টা যেন একটু বেশিই। কেননা সেখানেই বসন্ত উৎসবের মূল আয়োজন। বিশাল স্টেজে নাচে, গানে মাতিয়ে রেখেছিল কলেজের ছাত্র-ছাত্রীরা। সাথে যোগ দিয়েছে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ থিয়েটারসহ শহরের নানান সাংস্কৃতিক সংগঠন।তারা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখে।কুমিল্লার খ্যাতনামা তিনটি ব্যান্ড দলও সংগীত পরিবেশন করে।শেষ পর্যন্ত এ উৎসব বাঙালির প্রাণের উৎসবের মিলন মেলায় পরিণত হয়।
সকাল ৯ টায় বসন্ত বরণ ও পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল খালেক। উদ্বোধনী বক্তব্যে প্রফেসর মো. আবদুল খালেক বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ শুধু মানসম্মত শিক্ষাতেই নয়;সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে যায়।

কলেজ অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.রুহুল আমিন ভূইয়া, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, র‌্যাব-১১ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার প্রমুখ ।
বসন্ত উৎসবের সাথে বাড়তি আয়োজন হয় পিঠা মেলার।কলেজ মাঠের কর্ণারে বিভিন্ন বাহারী ডিজাইনের পিঠার সমাহারে বিভিন্ন স্টল অংশ নেয়। অতিথি ও দর্শনার্থীরা সুস্বাদু পিঠার স্টল ঘুরে দেখেন এবং ক্রয় করে পিঠা বাসায় নিয়ে যান। এসব পিঠার মধ্যে নক্শী পিঠা, গোলাপী পিঠা, ঝুনঝুনি পিঠা, ঝুমকা, ডালপাতা, তারা, বেনি, মুগের শোলা পিঠা, জল লাউ পিঠা, চমচম পিঠা, নকশি পিঠা, সবজি পিঠা, বালি পিঠা, ত্রিভূজ পিঠা, ফুল পিঠার চাহিদা ছিল বেশি। পরে শিক্ষার্থীদের মাঝে র‌্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক। দিনব্যাপী এ আয়োজন দেখে অতিথি ও শিক্ষার্থীরা বিমুগদ্ধতায় বিমোহিত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি