ডেস্ক রিপোর্টঃ
মিয়ানমারে রাজনৈতিক প্রক্রিয়ায় সেনা হস্তক্ষেপের জল্পনা ক্রমেই বাড়ছে। রাখাইন স্টেটে সীমান্ত পোস্টে হামলার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের উপর সর্বাত্বক অভিযানের পর ক্ষমতাসীন এনএলডি নেতা অং সান সু চির উপদেষ্টা কো নি’র হত্যাকাণ্ডের পর এই গুঞ্জন বাড়ছে। অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির কারণে মিয়ানমারে বিদেশি বিনিয়োগ নেমে এসেছে এক তৃতীয়াংশে। দেশে প্রথম বারের মত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের দুই বছরের মধ্যেই অবসান ঘটতে পারে বলে আলোচনা হচ্ছে। রাষ্ট্রের নিরাপত্তা সঙ্কট সৃষ্টি হলে সেনা বাহিনী সরকার ভেঙে দিতে পারবে মর্মে বর্তমান সংবিধানে যে বিধান রয়েছে তার প্রয়োগ ঘটতে পারে। এ বিধান পরিবর্তনের উদ্যোগ নিয়েও মিয়ানমারের কার্যত নেতা ও স্টেট কাউন্সিলার সু চি এ ব্যাপারে ধীরে যাওয়ার নীতি নিয়েছেন। কো নি’র হত্যাকাণ্ডের পর তিনি আরো সতর্ক পদক্ষেপ নিচ্ছেন। এ হত্যাকাণ্ডের পেছনে সেনা বাহিনীর গোপন ইন্ধনের বিষয়টি এখন একটি সাধারণ আলোচনায় পরিণত হয়েছে। সু চি সেনা বাহিনীর সাথে বিরোধ সংঘাত যথাসম্ভব এড়িয়ে যেতে চাইছেন বলে কো নির হত্যাকান্ডের ব্যাপারে তিনি প্রকাশ্য কোন বক্তব্য রাখেননি। তার বাসায় গিয়ে শোক প্রকাশ বা দাফন অনুষ্ঠানে অংশগ্রহণও তিনি এড়িয়ে গেছেন।
ইয়াঙ্গুনের নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান ব্যবসায়ী ও সাবেক সেনা কর্মকর্তা বলেছেন, মিয়ানমারের সর্বজনমান্য মুসলিম নেতা ও শীর্ষ আইন বিশেষজ্ঞ কো নি’র হত্যাকান্ডটি ঘটানোর পেছনে পরিকল্পনাকারীদের একটি বিশেষ লক্ষ্য ছিল। একদিকে তিনি সংবিধান পরিবর্তনের জন্য ক্ষমতাসীন এনএলডির মধ্যে কাজ করছিলেন। অন্য দিকে আরাকান সঙ্কটে গঠিত কফি আনান কমিশনের সদস্য হিসাবে এই কমিশনকে কার্যকর করে তোলার ব্যাপারে ভূমিকা রাখছিলেন। তাকে হত্যার মধ্য দিয়ে সংবিধান পরিবর্তনের জন্য এনএলডির প্রচেষ্টা থামিয়ে দেয়ার বার্তা দেয়া হয়েছে একদিকে, অন্য দিকে কফি আনান কমিশনকে নিয়েও সরকারকে সতর্ক করে দেয়া হয়েছে যাতে আরাকান ইস্যু নিয়ে বড় কোন সিদ্ধান্ত সরকার না নেয়।
তার মতে, কুনির হত্যার মধ্য দিয়ে এই লক্ষ্য অনেকখানি অর্জিত হয়েছে। কিন্তু আরেকটি লক্ষ্য অর্জিত হয়নি। সেই লক্ষ্যটি ছিল এ ঘটনাকে কেন্দ্র করে একটি নিরাপত্তা পরিস্থিতি তৈরি করা। সাধারণভাবে ধারণা ছিল কো নি’র মতো ব্যক্তিকে হত্যা করা হলে মুসলিমরা বিক্ষুব্ধ হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা একজন চীনা বর্মীকে এ জন্য ভাড়াটে হিসাবে বেছে নিয়েছে। ঘটনার পর তাকে গ্রেফতারও করা হয়েছে। কো নির হত্যার পর মুসলিমরা তার বাসা এবং দাফন অনুষ্ঠানে অনেক ব্যাপকভাবে উপস্থিত হয়েছে, কিন্তু হত্যাকারীর চীনা সম্প্রদায়ের বিরুদ্ধে অথবা অন্য কোন সহিংস আচরণ তারা করেনি। ফলে সেখানে ইয়াঙ্গুনে বা মিয়ানমারের অন্য কোথায়ও নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি হয়নি। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে সেটাকে সংবিধানে সরকার ভেঙে দেয়ার যে ক্ষমতা সেনাবাহিনীকে দেয়া হয়েছে সেটি প্রয়োগ করার চিন্তা ছিল বলে তার ধারণা।
গত অক্টোবরে রাখাইন স্টেটে সীমান্ত চৌকিতে হামলা করে ৯ পুলিশকে হত্যার জন্য রোহিঙ্গা জঙ্গিদের দায়ী করা হয়। রোহিঙ্গা জঙ্গি সংগঠন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রোহিঙ্গা বিরোধি অভিযান এবং একটি নিরাপত্তা পরিস্থিতি তৈরির পেছনে অন্য কোন এজেন্ডাও কাজ করে থাকতে পারে বলে আলোচনা হচ্ছে। এ ঘটনার পর সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় গঠিত আগের ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভলপমেন্ট পার্টি (ইউএসডিপি) অন্য কয়েকটি দলসহ ‘রাষ্ট্রে সৃষ্ট পরিস্থিতি’ নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডাকার আহবান জানান। তাদের দেয়া বিবৃতিতে সুপ্তভাবে সেনা বাহিনীকে হস্তক্ষেপ করার আহ্বান রয়েছে। আর জাতীয় নিরাপত্তা কাউন্সিলে সেনা বাহিনীর প্রতিনিধিদেরই অধিক্য রয়েছে।
সাবেক থান শুয়ে সরকারের শীর্ষ কর্মকতারা জানতেন, অবাধ নির্বাচনে সু চি’র ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী (এনএলডি) ক্ষমতায় আসবে। কিন্তু সেনাবাহিনীর ২৫ শতাংশ সংরক্ষিত আসনের সাথে ইউএসডিপি এমন সংখ্যক আসন পাবে বলে মনে করা হয়েছিল যাতে দুই তৃতীয়াংশের কিছু বেশি সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন সু চির পক্ষে করা সম্ভব হবে না। কিন্তু নির্বাচনের ফলাফল তাদের আশা ভঙ্গ করে। সু চি চাইলে এখন সংবিধান সংশোধনের পদক্ষেপ নিতে পারেন।
সাংবিধানিক বিধি নিষেধের জন্য নিজে প্রেসিডেন্ট প্রার্থি হতে না পারলেও সু চি সংবিধান সংশোধনে তাড়াহুড়ার পথে পা বাড়াননি। নিহত উপদেষ্টা কো নি তাকে স্টেট কাউন্সিলার পদ সৃষ্টির পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ অনুসারে তিনি এখন সরকারের কার্যত প্রধানের ভূমিকা পালন করতে পারছেন। কো নি সংবিধানে আরো কিছু সংশোধনী আনার পরামর্শ সু চিকে দিয়েছিলেন। যার মধ্যে ছিল প্রেসিডেন্ট হবার ব্যাপারে সু চির জন্য বাধা তৈরির অনুচ্ছেদ সংশোধন এবং সরকার ভেঙে দেবার ব্যাপারে সামরিক বাহিনীর ক্ষমতার অনুচ্ছেদের প্রতিস্থাপন।
এ ব্যাপারে সরকার অগ্রসর হতে পারে এমন একটি ভয় সেনা নেতৃত্বের রয়েছে বলে মনে করা হয়। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এখান থেকে নিবৃত করার জন্য ‘দুই বছর অপেক্ষার’ সময়টাকে হয়তো আরো এগিয়ে আনা হতে পারে। গণতান্ত্রিক সংস্কারের পর যারা মিয়ানমারে বিনিয়োগ করতে যান তাদের সামনে সর্বশেষ উন্নয়ন অজানা নয়। যার কারণে সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমারে বিদেশি বিনিয়োগ একেবারেই কমে গেছে। চীনের সরকারি পত্রিকা গ্লোবাল টাইমসের এক তথ্যে উল্লেখ করা হয়, আগামী মার্চে সমাপ্য ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৯ মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিবন্ধিত হয়েছে মাত্র ৩.৫ বিলিয়ন ডলার। অথচ আগের অর্থবছরের একই সময়ে বিদেশি বিনিয়োগ নিবন্ধন করা হয়েছিল ৯.৫ বিলিয়ন ডলার। বিনিয়োগকারীরা এখন সেখানকার পরিস্থিতি দেখে তারপর সিদ্ধান্ত নেবার কৌশল নিয়েছে।
দেশটির বৃহত্তম বিনিয়োগকারী চীনও ধীরে চলার নীতি অনুসরণ করছে বলে মনে হয়। এ ব্যাপারে অর্থনৈতিক সংস্কার কর্মসুচির ধীর অগ্রগতিকে দায়ি করা হলেও এর মূল কারণ রয়েছে রাজনৈতিক অনিশ্চয়তায়। আরো স্পষ্ট করে বললে সামরিক বাহিনীর হস্তক্ষেপের আশঙ্কায়। প্রাপ্ত আভাস অনুযায়ী, এবার সেনা বাহিনী সু চির সরকার ভেঙে দিলেও সামরিক শাসন জারি নাও করতে পারে। বরং সু চির কাছ থেকে ক্ষমতা নিয়ে কয়েক মাস পর আরেকটি নির্বাচন করা হতে পারে যেখানে এনএলডি আর আগের সংখ্যাগরিষ্টতা পাবে না। তবে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার চিন্তা তারা তখন করবে যদি এ ব্যবস্থায় পশ্চিমা দেশগুলো সম্মত হয়। তা না হলে পুরণো ধারায় ফিরে যাওয়াও অসম্ভব নয়।
এসব সম্ভাবনা বা আশঙ্কার কথা মাথায় রেখেই সু চি নিরব থাকার এক নীতি অনুসরণ করছেন সাম্প্রতিক মাসগুলোতে। সামরিক বাহিনীর সাথে বিরোধে জড়াতে চান না তিনি নিজে। কিন্তু তার সামনে যে ডিলেমা তাতে নিরব থেকেই যে তিনি সঙ্কট এড়িয়ে যতে পারবেন তেমনটি মনে হয় না। ফলে সু চির সামনে বেশ খানিকটা অনিশ্চিত ভাগ্য ঝুলে আছে।

























































