একটি ডেভেলপার কোম্পানির চাকরিজীবী মধ্যবয়সী সিরাজুল ইসলাম একাধারে ডায়াবেটিস ও হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। বারডেম হাসপাতালের চিকিৎসকের পরামর্শে তিনি পাঁচ মাস ধরে প্রতি সপ্তাহে প্রায় ১০ হাজার টাকা মূল্যের ইনজেকশন নিচ্ছেন। চিকিৎসক তাকে মোট ২৪টি ইনজেকশনের একটি ফুল কোর্স নিতে পরামর্শ দিয়েছেন।
তিনি বিকন ফার্মাসিউটিক্যালসের শ্যামলীর অফিস থেকে পেগইন (পেগইন্টারফেরন আলফা.২এ) নামের ইনজেকশনটি নিয়মিত কিনে আসছিলেন। ফুল কোর্সের হিসাব রাখতে তিনি ইনজেকশনের প্যাকেটগুলো ঘরে সংরক্ষণ করেন।
এ প্রতিবেদককে সিরাজুল ইসলাম জানান, ২১তম ইনজেকশনটি কিনে তিনি হতবাক বনে যান। ২০তম ইনজেকশন যেটি কিনেছিলেন সেটির মোড়কে ব্যাচ: ১১২০০১৬, ম্যানুফ্যাকচারি এমএফজি: জুন ১৫ ও এক্সপায়ারড ডেট : ফেব্রুয়ারি ২০১৭ লেখা ছিল।
কিন্তু ২১তম ইনজেকশনটির মোড়কে ব্যাচ ও উৎপাদনের তারিখ একই থাকলেও এক্সপায়ারড ডেট : আগস্ট ২০১৭ দেখতে পান। একই ব্যাচের একই তারিখে উৎপাদিত জীবনরক্ষাকারী ওষুধের গায়ে মেয়াদোর্ত্তীণের তারিখ ভিন্ন দেখে তিনি বিকন ফার্মার অফিসে যোগাযোগ করলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এরপর তিনি চিকিৎসকের কাছে গেলে মেয়াদোর্ত্তীণের তারিখ ভিন্ন হওয়ার কথা নয় বলে মন্তব্য করেন তিনি। এ অবস্থায় সিরাজুল ইসলাম ওই ইনজেকশন নেয়া বন্ধ রাখেন।
bicon তিনি জাগো নিউজকে জানান, ডায়াবেটিসের রোগী হওয়ায় নিয়মিত বারডেমের চিকিৎসা নেন। ওইখানে চিকিৎসাধীন থাকার সময় তার রক্ত ও ডিএনএ টেস্ট করে হেপাটাইটিস-বি ধরা পড়ে। প্রথম ১১টি ইনজেকশন তিনি অন্য একটি ফার্মাসিউটিক্যালস থেকে নেন। ১২তম ইনজেকশনটি বিকন ফার্মা থেকে কেনা শুরু করেন।
সিরাজুল ইসলাম বলেন, প্রতি সপ্তাহে এতো দামের ইনজেকশন কিনে চিকিৎসা চালানো তার মতো সাধারণ চাকরিজীবীর পক্ষে প্রায় অসম্ভব। তবে বেঁচে থাকার ইচ্ছায় ধারদেনা করে নিয়মিত ইনজেকশন নিতে হচ্ছে। তাই বলে কি ওষুধ কোম্পানিটির প্রতারণা দেখার কেউ নেই?
বিকন ফার্মাসিউটিক্যালসের বিক্রয় বিভাগের তসলিমউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি জবাব না দিয়ে ইনজেকশনের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখের বিষয়টি অন্য কর্মকর্তা দেখেন বলে জানান।
একই ব্যাচের একই তারিখে উৎপাদিত ওষুধের মেয়াদোর্ত্তীণের তারিখ ভিন্ন হতে পারে কিনা জানতে চাইলে ওষুধ প্রশাসন অধিদফতরের ওষুধ তত্ত্বাবধায়ক সৈকত কুমার কর জাগো নিউজকে বলেন, একই ব্যাচের একই তারিখে উৎপাদিত ওষুধের মেয়াদোর্ত্তীণের তারিখ ভিন্ন হওয়ার কোনো সুযোগ নেই।

























































