পাকিস্তানেও পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস! করাচি, ইসলামাবাদ ও লাহোরের মত শহরে বিভিন্ন আনুষ্ঠানিকতায় পালন করা হয় এই দিবস। এমনকি ২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে প্রভাত ফেরী, সাহিত্য উৎসবেরও আয়োজন করা হয়। যদিও দেশটির সাধারণ মানুষ ও স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে কোন স্পষ্ট ধারণা নেই।
জাতিসংঘের ঘোষণা অনুযায়ী গত বেশ কয়েক বছর ধরে সারা পৃথিবীতেই ২১শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। দিবসটিকে ঘিরে পাকিস্তানে প্রভাত ফেরীর আয়োজন, কিছু সেমিনার, বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভারও আয়োজন করা হয়।
কিন্তু ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কেন পালন করা হয়, কী ঘটেছিল ১৯৫২ সালের এই দিনে- সে বিষয়ে স্বচ্ছ ধারণার যথেষ্ট অভাব রয়েছে পাকিস্তানিদের মধ্যে। কেবল ১৯৫২ সালে উর্দুর মাধ্যমে বাংলা ভাষাকে দমিয়ে রাখার চেষ্টার ফলশ্রুতিতে ভাষা আন্দোলন হয়েছিলো- এ পর্যন্তই ধারণা রয়েছে তাদের। দেশটির পাঠ্যক্রমেও এ বিষয়ক পূর্ণ ইতিহাসের অনুপস্থিতি রয়েছে।

























































