স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের দোয়া পেয়েছেন বলে দাবি করেছেন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। তবে দোয়া ছাড়া আর কিছু দেয়ার নেই বলে জানিয়েছেন এমপি।
সোমবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউনহলে বাহারের সাথে দেখা হয় সদ্য মনোনয়ন পাওয়া সীমার। পরে তিনি সাংবাদিকদের জানান এই দোয়া পাওয়ার কথা।
আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন, আমি ফুল বাহার চাচার দোয়া নিতে এসেছি। তিনি বলেছেন, দোয়া ছাড়া আমাকে আর কিছু দিতে পারবেন না।’
পরে এমপি বাহার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন বিধি অনুযায়ী আমি প্রচার চালাতে পারবো না। এজন্য বলেছি আমি তাকে দোয়া করেছি। সে যেন বিজয়ী হয়।’ আফজাল খান পরিবারের সব সময় মনোনয়ন ভাগ্য ভালো বলেও মন্তব্য করেন এমপি বাহার।
অধ্যক্ষ আফজল খান ও এমপি বাহার কুমিল্লার আওয়ামী লীগে দীর্ঘদিনের বিবদমান দুইটি গ্রুপের প্রধান। আগামী ৩০ মার্চের সিটি করপোরেশন নির্বাচনে দুই পক্ষ থেকেই মনোনয়ন চাওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত মনোনয়ন দৌড়ে এগিয়ে গেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা। তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য সাবেক মেয়র ও ধানের শীষের প্রার্থী মনিরুল ইসলাম সাক্কুর সঙ্গে। ২০১১ সালের নির্বাচনে সাক্কুর সঙ্গে ভোটের লড়াইয়ে পরাজিত হয়েছিলেন সীমার বাবা আফজল খান।
কুমিল্লায় মেয়র পদে আরও মনোনয়ন চেয়েছিলেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুর উর রহমান মাহমুদ তানিম। এ ছাড়া কুমিল্লা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, আফজল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আরফানুল হক রিফাত ও কামাল চৌধুরী নির্বাচন করতে আগ্রহী ছিলেন।
২০১১ সালে গঠিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। সীমানাসংক্রান্ত জটিলতায় সেখানে এতদিন ভোট হয়নি। তবে সেই জটিলতার অবসান হওয়ার পর সদ্য গঠিত নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করে।


























































