স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশির সময় হামলার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে জসিম (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় অপর হামলাকারি হাসানকে (২৪) আটক করা হয়।
এদিকে ঘটনাস্থল থেকে হামলাকারী দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছেন।
মঙ্গলবার (৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
আটক হওয়া হাসান চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শান্তিরহাট গ্রামের মৃত মোহাম্মদ হোসাইন এর ছেলে । জসিমের পরিচয় পাওয়া যায়নি। গুলিবিদ্ধ জসিমকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসান পুলিশ হেফাজতে রয়েছে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত অধিকগতি সম্পন্ন গাড়ি চিহ্নিতকরণে চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় অভিযান চলছিল। ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট কামাল হোসেন এর নেতৃত্বে ওই অভিযান চলাকালিন সময়ে বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণের একটি বাসের অধিক গতি চিহ্নিত হয়। পুলিশ গাড়িটি ধাওয়া করে থামানোর পর বাস থেকে নেমে আসা যাত্রীবেশী সন্দেহভাজন দুই জেএমবি সদস্য পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁেড়। ওই বোমা বিস্ফোরিত না হওয়ায় পুলিশ তাদেরকে ধাওয়া শুরু করলে, তারা বোমা ছোড়া অবস্থায় দৌঁড়ে একটি গ্রামের ভিতরে প্রবেশ করে। ওই সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ২৪ রাউন্ড গুলিবর্ষণ করে।
এক পর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে এবং আহত অবস্থায় হাসানকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি বোমা ও ১টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, হামলাকারীরা জেএমবি’র সদস্য বলে আমরা ধারনা করছি।’




















































