পূর্বাশা ডেস্ক:
জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৩ বছরের মধ্যে বর্তমান সময়ে বিশ্ব সবচেয়ে মানবিক সংকটে পড়েছে বলে মত প্রকাশ করেছে সংস্থাটি। ১৯৪৫ সাল থেকে ২০১৭ সালের মধ্যে এর আগে মানুষ এমন সংকটের মুখোমুখি হয়নি। সংস্থাটি জানিয়েছে, চারটি দেশের অন্তত দুই কোটি মানুষ চরম দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড়িয়ে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান স্টেফান ওব্রায়েন নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও নাইজেরিয়ার অন্তত দুই কোটি মানুষ অনাহার-অনটনের মধ্যে পড়ে আছে। এর আগে এতবেশি মানুষকে একসাথে এমন সংকটের মুখে পড়তে দেখা যায়নি।
তিনি আরও বলেন, ‘যদি এখনই এ সংকট উত্তরণে সমন্বিত পদক্ষেপ নেয়া না হয় তবে এসব দেশের অসংখ্য মানুষ মারা যাবে। এই মুহূর্তে সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন ইয়েমেনে। কারণ, দেশটির দুই তৃতীয়াংশ জনগোষ্ঠী অর্থাৎ প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ সংকটে পড়েছে। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।’
জাতিসংঘের সর্বশেষ এই সতর্ক বার্তায় জানা গেছে, এসব দেশে তৈরি হওয়া গভীর মানবিক সংকট সামলানোর জন্য জাতিসংঘের পর্যাপ্ত রসদ পত্র নেই। সংকট সামলাতে এখনই বিশ্বের দেশগুলোকে এগিয়ে আসতে হবে বলে তাগিদ দিয়েছে সংস্থাটি।
























































