
পূর্বাশা ডেস্ক:
ফরিদপুর শহরের ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে সূর্য খাতুন (৬৫) নামের এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কোতোয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।
সূর্য খাতুন ফরিদপুর সদরের ইশানগোপালপুর ইউনিয়নের বারখাদা গ্রামের মৃত মনসের খানের স্ত্রী। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ইশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হালিমা বেগমের খালা।
সূর্য খাতুনের স্বজনেরা জানান, গত মঙ্গলবার রোগী হালিমার অ্যাটেনডেন্ট হিসেবে ওই হাসপাতালে আসেন সূর্য খাতুন। ওই দিন বিকেলে হালিমার শরীর থেকে একটি টিউমার অস্ত্রোপচার করে অপসারণ করা হয়। রাত নয়টার দিকে হালিমার জন্য ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হন সূর্য খাতুন। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সূর্য খাতুনের কোনো সন্ধান না পেয়ে হালিমার ভাই ইসমাইল ব্যাপারী কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
হাসপাতালের লিফটম্যান রুবেল খান জানান, আজ শুক্রবার সকাল আটটার দিকে তিনি কাজে আসেন। লিফট পরিচালনা করার সময় তিনি দুর্গন্ধ পেয়ে চাবি দিয়ে লিফটের দরজা খুলে দেখতে পান, হাসপাতালের ২ নম্বর লিফটের নিচে একটি লাশ পড়ে রয়েছে। তিনি বিষয়টি ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদকে জানান।
আবদুস সামাদ জানান, বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানায় জানানো হলে বেলা ১১টার দিকে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের নিচ থেকে একটি গলিত লাশ উদ্ধার করে। পরে সূর্য খাতুনের পরিবারের সদস্যরা এসে লাশটি শনাক্ত করেন।
সূর্য খাতুনের ভাগনে ইউনুস ব্যাপারী অভিযোগ করেন, ‘মঙ্গলবার রাত থেকে আমার খালা নিখোঁজ। বুধবার সকালে বিষয়টি হাসপাতালের প্রশাসনিক অফিসার মজিবর রহমানকে জানালেও তিনি এ ব্যাপারে কোনো তৎপরতা চালাননি। এটি স্বাভাবিক কোনো দুর্ঘটনা নয়। এটি একটি হত্যাকাণ্ড।’
হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল তাওয়াব বলেন, লিফট থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটার কথা নয়। তা ছাড়া ওই নারীর যে বয়স তাতে লিফটের দরজা তাঁর পক্ষে খুলে ফেলা সম্ভব নয়। বিষয়টি তদন্তের দাবি রাখে।
তবে আবদুস সামাদ বলেন, রোগীর স্বজনেরা বিষয়টি বুধবার সকালে প্রশাসনিক কর্মকর্তাকে জানালেও তাঁকে জানানো হয়নি। বিষয়টি তদন্ত করতে ডায়াবেটিক সমিতির উদ্যোগে একটি কমিটি গঠন করা হবে। এ ছাড়া ১৬ মার্চ সন্ধ্যা সাতটায় সমিতির নির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।






















































