শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তান এবং আফগানিস্তান উচ্চ পর্যায়ের বৈঠকে লন্ডনে বসছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পাকিস্তান এবং আফগানিস্তান লন্ডনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবে। দুই দেশের মধ্যে বিরাজমান উত্তেজনা নিরসনে আজ (বুধবার) আরো পরে এ বৈঠক হবে বলে জানিয়েছেন ইসলামাবাদের আফগান রাষ্ট্রদূত ওমর জাকিলওয়াল।

ব্রিটিশ সরকার আয়োজিত এ বৈঠকে ওমর জাকিলওয়াল, আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমার, ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক লিয়ল গ্রান্ট এবং পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ যোগ দিবেন।

বৈঠকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাক-আফগান যথার্থ সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিরাজমান উত্তেজনা হ্রাস এবং দুই দেশের বন্ধ সীমান্ত পথগুলো খুলে দেয়ার বিষয়েও আলোচনা হবে বলে অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে জানিয়েছেন জাকিলওয়াল।

গত মাসে পাকিস্তানে কয়েক দফা বোমা হামলাকে কেন্দ্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। সে সময়ে দেশ দু’টির মধ্যে এই বৈঠক হতে চলেছে।

কাবুলে ব্রিটিশ রাষ্ট্রদূত দেশ দু’টির মধ্যে আলোচনার উদ্যোগ নেন। তিনি পাকিস্তান সফর করেছেন এবং পাক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি