শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘সরকার গ্যাসের দাম বাড়িয়েছে অযৌক্তিভাবে ’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গণসংহতি আন্দোলনের প্রধান সমম্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গ্যাসের দাম কেন বৃদ্ধি করা হলো সেটা নিয়ে সরকারের কেনো যৌক্তিক ব্যাখ্যা নাই বলে তারা শান্তিপূর্ণ আন্দোলন পুলিশ দিয়ে দমন করছে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি এ কথা বলেন। এছাড়া ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক ইলিয়াস খান।

জোনায়েদ সাকি বলেন, সরকার অযৌক্তিভাবে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। গ্যাসের দাম বাড়ানো নিয়ে আদালতের সকল যুক্তির বিপরীতে সরকারের কোন প্রতিষ্ঠান গ্যাসের দাম বাড়ানোর পক্ষে পাল্টা যুক্তি তুলে ধরতে পারেনি। তাই এমন অযৌক্তিক দাম বাড়ানোর বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি। এর আগে আমরা অর্ধদিবস হরতাল পালন করেছি। সেখান থেকে আমরা আজ কর্মসূচি দিয়েছিলাম জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবো। আমরা মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যেতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ শুধু বাধা দেয়নি, সেইসাথে টিয়ার শেল, জলকামান ব্যবহারসহ গুলি, লাঠিচার্জ করেছে। আমাদের অনেক নেতাকর্মী এসময় আহত হয়েছে।

তখন আমাদের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ইট পাটকেল ছুড়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের কি ভূমিকা থাকার কথা ছিলো? তারা আমাদের বিক্ষোভ সমাবেশ করতে দিতে পারতো, সরকারের পক্ষ থেকে কর্তৃপক্ষ আমাদের কথা শুনে আসতে পারতো । আমাদের চাওয়া কি শুনতো। আমাদের বক্তব্যটা সরকারের উপর মহলে জানাতে পারতো।

সরকারের এধরণের ব্যবহারে সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার হয়েছে। তাই মানুষ রাজনীতিক সংগ্রামে বা আন্দোলনে নামতে ভয় পায়। সরকারের দিক থেকে যে ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, সমস্ত জনমতকে যে দমন করার চেষ্টা করা হচ্ছে এটা তারই প্রতিফলন। সরকার এই শান্তিপূর্ণ আন্দোলন দমন করছে। কারণ সরকারের কাছে গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিক কোন কারণ নাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি