পূর্বাশা ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভুয়া খবর সম্প্রচারের অভিযোগে তানজানিয়ার সরকারি সম্প্রচার মাধ্যম টিভিসির ৯ সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। শনিবার বিবিসির একটি প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে।
মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ফক্স চ্যানেলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত সপ্তায় ওই ভুয়া খবর সম্প্রচার করা হয়। খবরে বলা হয়, ট্রাম্প তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলির কাজের প্রশংসা করেছেন।
ট্রাম্প মাগুফুলিকে আফ্রিকার নায়ক হিসেবে আখ্যায়িত করে দেশটির অন্য নেতারা মাগুফুলির তুলনায় কিছুই করছেন না বলে মন্তব্য করেন।
এদিকে খবরটিতে আরও দাবি করা হয়, মাগুফুলির সুশাসন ও দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ করছে তা আফ্রিকার অন্য দেশের নেতাদের অনুসরণ করার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।
টিভিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, খবরটি প্রচারের ক্ষেত্রে সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করা হয়নি। টিভিসি’র মহাপরিদর্শক আইয়ুব রিওবা জানান, সম্প্রচারের আগে তথ্যগুলো যাচাই করা উচিত ছিল। যা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তাই ওই ঘটনাটির সঙ্গে জড়িত সম্প্রচার কেন্দ্রের ৯ কর্মীকে বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, মাগুফুলি আফ্রিকার ‘বুলডোজার’ হিসেবে পরিচিত। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আন্তর্জাতিকভাবে বেশ পরিচিতি পেয়েছেন।

























































