পূর্বাশা ডেস্ক:
চাঁদা তুলে মেজবান না করার নির্দেশ দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
শনিবার (১৮ মার্চ) চট্টগ্রামে এক পথসভায় যুবলীগ চেয়ারম্যান বলেন, চাঁদা তুলে কোন মেজবান করা যাবে না। মেজবান কি কারণে ? যুবলীগের কাজ তো মেজবান করা না।
বঙ্গবন্ধুর জন্মদিন যুবলীগের কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, চট্টগ্রামে মহানগর যুবলীগ একবার মেজবান করতে চেয়েছিল। আমি বলেছিলাম, মেজবান যদি করে তাহলে তিনদিনের মধ্যে সাসপেন্ড করে দেব। চাঁদা তুলব তারপর ধুমধাম করে মেজবান করব, এই রাজনীতি এখন আর চলে না।
কর্ণফুলী থানার মইজ্জ্যারটেকে কলেজ বাজারে আয়োজিত পথসভায় ওমর ফারুক বিএনপির কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, বিএনপি ভাড়ায় নেতা বানায়। ভাড়ায় মন্ত্রী বানায়। ভাড়ায় মেয়র বানায়। বিএনপির কোন গণভিত্তি নেই। জনগণের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই।
‘বিএনপির রাজনীতি শুধু দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করার মধ্যে সীমাবদ্ধ। শুধু বলে, আন্দোলন করবে। আরে কোথায় আন্দোলন। কোথাও তো বিএনপিকে আন্দোলনে দেখি না। কোনদিন তো পথে নামতে দেখি না। ’
‘টেলিভিশনে দেখি তারাবির নামাজের চলছে, তখনও তারা আন্দোলনের ডাক দিচ্ছে। সেহেরির খাচ্ছি, তখনও আন্দোলনের ডাক দিচ্ছে। ইফতারির সময়ও আন্দোলনের ডাক দিচ্ছে। ’
ওমর ফারুক বলেন, বিএনপি সময়কাল বুঝে না। বৃষ্টিও বুঝে না। শীতকালও বুঝে না। গরমকালও বুঝে না। আন্দোলন কখন করতে হয় সেটা তারা বুঝে না।
কর্ণফুলী থানা যুবলীগ আয়োজিত পথসভায় নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদসহ সংগঠনের জেষ্ঠ্য নেতারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে শনিবার সকালে চট্টগ্রামে আসেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
শনিবার সকাল ১০টায় নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক এলাকায় স্থানীয় যুবলীগ আয়োজিত পথসভায় যোগ দিয়েছেন ওমর ফারুক।
এরপর পটিয়া আব্দুস সোবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে স্মারকগ্রন্থ ‘আলোর মেলা’ উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন তিনি।
বিকেলে পটিয়া উপজেলার মাঠে যুব গণ জমায়তে বক্তব্য রাখারও কর্মসূচি আছে।
























































