পূর্বাশা ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
মেহতাব খানমমেহতাব খানম
সমস্যা
আমি একটি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে (সম্মান) পড়ছি। বছর পাঁচেক আগের কথা। তখন একজন মেয়েকে বাসায় গিয়ে পড়াতাম। মেয়েটির প্রতি আমার প্রেমের কোনো অনুভূতি কাজ করেনি। ভর্তি পরীক্ষার সময় হঠাৎ করেই মেয়েটির প্রতি ভীষণ দুর্বল হয়ে পড়ি। যদিও তখন পড়াতাম না।
আমাদের নিয়মিত ফোনালাপ হতো। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তাকে আমার মনের কথা জানিয়ে দিই। প্রেম-ভালোবাসার প্রতি অনীহা প্রকাশ করে সে তখন ‘না’ বলে দেয়। কয়েক মাস পর আমি আরও দুর্বল হই। ফোনে আমাদের কথা হতো। তাকে আমার মনের অবস্থার কথা বলি। তখনো সে না বলে। কিছুদিন আগে সে একটি সরকারি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়েছে। আমাদের ফোনে ও মেসেঞ্জারে এখনো কথা হয়। প্রেমিক-প্রেমিকার মতো ঠিকই কথা বলছি, কিন্তু সম্পর্কের কথা উঠলেই ওর অসম্মতি। আমি ভীষণ মানসিক সমস্যায় ভুগছি। আমার এখন কী করণীয়?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার চিঠি পড়ে মনে হচ্ছে, মেয়েটিকে পড়ানো বন্ধ করার পরও নিয়মিত তার সঙ্গে ফোনে কথা হয়েছে। তোমাদের সম্পর্কটি শিক্ষার্থী-শিক্ষক হিসেবে শুরু হয়েছিল। এই সম্পর্কটির একটি ইতি ঘটলেও তোমরা যে কথা বলেছ, সেই সময়ে কি একে অপরের বন্ধু হয়ে গিয়েছিলে এবং অনেক বেশি গল্প করতে? যদি তাই হয়, হয়তো বা সে কারণেই ধীরে ধীরে তুমি তার প্রতি দুর্বল হয়ে পড়েছ। দীর্ঘ সময় ধরে ফোনালাপ হলে আমরা ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করতে শুরু করি এবং এর ফলে একধরনের পারস্পরিক নির্ভরশীলতা তৈরি হতে থাকে। অর্থাৎ আমরা ফোনে কথা বলার প্রতি অনেকটা আসক্ত হয়ে পড়ি। যখন প্রথমে ওকে ভালো লাগার কথাটি জানালে, তখন মেয়েটি ‘না’ বলে দিল। এরপরও তোমরা ক্রমাগত কথা বলতে থাকলে।
তবে মেয়েটি যখন জানল তুমি তাকে অন্যভাবে চাইছ, তখন সে কিন্তু বলতে পারত যে এই কথোপকথন তোমাকে ওর প্রতি আরও অনুরক্ত করে তুলতে পারে। সে যেহেতু এ ব্যাপারে আগ্রহী নয়, কাজেই তার সঙ্গে শুধু বন্ধুত্বের সম্পর্ক চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ার কথা। কিন্তু এরপরও তোমাদের কথা চলতেই থাকল, আর তুমি ওর প্রতি খুব বেশি দুর্বল হয়ে পড়লে। আবার যখন সেই কথাটি ওকে জানালে তখনো সে অনীহা প্রকাশ করল, অথচ কথা বলাটা অব্যাহত রাখল।
তুমি যেহেতু ওর প্রতি দুর্বল, তোমার দিক থেকে তো প্রবল আগ্রহ থাকারই কথা ওর সঙ্গে যোগাযোগটি রক্ষা করার ক্ষেত্রে। মেয়েটি কি একটুও বুঝতে পারছে না যে এতে তুমি মানসিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছো? এখানে যে সমস্যাটি তৈরি হয়েছে তা হচ্ছে, তোমাদের সম্পর্কটিকে সংজ্ঞায়িত করা যাচ্ছে না। তুমি শিক্ষক হিসেবে মেয়েটির জীবনে প্রবেশের পর বন্ধুত্বের সম্পর্ক হলো। এরপর প্রেমিক হিসেবে নিজেকে ওর কাছে দুবার উপস্থাপন করলে। এ ব্যাপারে মেয়েটি অনীহা প্রকাশ করার পরও পরস্পরের সঙ্গে কথা বলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত তোমরা নিলে না এবং তোমরা ক্রমাগত প্রেমিক-প্রেমিকার মতো কথা বলছ। অথচ মেয়েটি প্রেমের সম্পর্কের ব্যাপারে তোমাকে কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। এর ফলে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে পার্থক্য হওয়ার কারণে তুমি হতাশায় ও বিষন্নতায় ভুগছ।
এই অবস্থাটি চলতে থাকলে তোমার পক্ষে মানসিক স্থিতিশীলতা ধরে রাখা সত্যিই কঠিন হবে। তুমি মেয়েটিকে পরিষ্কারভাবে জানাতে বলো, সে সত্যিকার অর্থে তোমাকে কী হিসেবে দেখছে। ওকে এটিও জানাও যে এভাবে ঝুলন্ত অবস্থায় তুমি আর থাকতে চাও না। বন্ধুত্বের আবরণে প্রেমের সম্পর্ক চলতে থাকলে ভবিষ্যতে আরও বেশি জটিলতার সৃষ্টি হতে পারে। তুমিও ওর সঙ্গে এভাবে কথা বলতেই থাকবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নাও এবং সেটিতে অটল থাকো। এতে করে নিজেকে আরও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে পারবে।


























































