শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুসিক নির্বাচনে জামায়াত ফ্যাক্টর


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

আর মাত্র ৯ দিন পর কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে তুমুল প্রচার-প্রচারণা শুরু হয়েছে। কে হচ্ছেন এ নগরীর অভিভাবক এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

সংশ্লিষ্টরা বলছেন, দুই সমীকরণের মধ্যে ঘুরপাক খাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নৌকা ও ধানের শীষ প্রার্থীর জয়-পরাজয়।

ভোটের হিসাব-নিকাশ বলছে, যে শিবির দুপক্ষকে (এমপি বাহাউদ্দিন ও জামায়াত) ম্যানেজ করে নিজেদের পক্ষে কাজে লাগাতে পারবে, জয়ের পাল্লা সেদিকেই ঝুঁকবে। কারণ নৌকা বনাম ধানের শীষের নির্বাচন হলেও আফজাল-বাহার অপ্রকাশ্য দ্বন্দ্ব এবং জামায়াত-বিএনপির টানাপোড়েনে বদলে যেতে পারে ভোটের ফলের চিত্রও।

নৌকার প্রার্থী কুমিল্লার ঐতিহ্যবাহী পরিবার অ্যাডভোকেট আফজাল-কন্যা আঞ্জুম সুলতানা সীমা এবং ধানের শীষের প্রার্থী মনিরুল হক সাক্কু। তবে সদর এমপি আ ক ম বাহারউদ্দিন বাহার চিরবৈরিতা ভুলে দলীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পরিবারকে একনিষ্ঠ সমর্থন দেবেন, নাকি কৌশলে সব ম্যানেজ করে চলবেন সে বিষয়ে সংশয়ে দলীয় নেতাকর্মীরা। কারণ গত ১৪ মার্চ থেকে তুমুল প্রচারণা শুরু হলেও সে ক্ষেত্রে বাহারপন্থিদের নৌকার পক্ষে সক্রিয় হয়ে ভোটের মাঠে নামতে দেখা যায়নি।

আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী সমন্বয়ের ভূমিকায় থাকা এক নেতার বক্তব্যের মধ্যে সন্দেহের আভাস মিলেছে। ওই নেতা বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা আফজাল-বাহার রাজনৈতিক দুই প্রতিদ্বন্দ্বীর চলমান দ্বন্দ্বের বিষয়টি নির্বাচন এলেই আলোচনায় উঠে আসে।

এবার কুসিক নির্বাচনেও তার ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি না। ভোট শেষ না হওয়া পর্যন্ত এ বিতর্ক চলতে থাকবে। তিনি বলেন, এটা সাধারণ মানুষের বিতর্ক ও আলোচনা-সমালোচনার মোক্ষম একটি ইস্যু। কিন্তু অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার তৃণমূলের নেতাকর্মীরা অনেক বেশি ঐক্যবদ্ধ।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরাসরি দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে মাঠে নামতে বিধিনিষেধ রয়েছে মন্ত্রী-এমপিদের। ফলে ক্ষমতার নেপথ্যে কলকাঠি নাড়ার সুযোগ রয়েছে সরকারদলীয় সদর এমপি বাহাউদ্দিনের। এ ভীতিও কাজ করছে আফজাল সমর্থিতদের।

অপরদিকে, বিএনপির কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা কেন্দ্রের সিদ্ধান্তে ঐকমত্য হয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তবে, জোটের প্রধান মিত্র জামায়াতকে নিয়ে দ্বন্দ্বে পড়েছেন দলটির তৃণমূল নেতারা। তারা মূলধারায় থেকে রাজনৈতিক সহযোদ্ধা হয়ে ধানের শীষের পক্ষে তাদের মতামত প্রকাশ করবে নাকি ভোল পাল্টে উল্টো পথ বেছে নেবে এ নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।

ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সক্রিয় একজন এ বিষয়ে বলেন, জামায়াতের একটি ভোট ব্যাংক রয়েছে। তাদের ওপর সরকারের জুলুম-নির্যাতন ও দমন-পীড়ন চলছে, এতে ধানের শীষের বাইরে বিকল্প চিন্তা করার কথা নয়। তবুও নানা নির্বাচনের হিসাব-নিকাশে সংশয় একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

কুমিল্লা সিটির ভোটার এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে নৌকা-ধানের শীষের প্রার্থীদের জয়-পরাজয়ের ক্ষেত্রে সরকারদলীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার এবং জামায়াত সমর্থিত ভোটার বড় ফ্যাক্টর। তারা বলেন, সিটি এলাকায় দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে কাজ করায় নিজ দলীয় ভোটের বাইরে অন্য নাগরিকদের সমর্থন থাকবে সাক্কুর প্রতি। অপরদিকে, আফজাল পরিবারের ক্ষমতার দাপটের বাইরে নৌকার প্রার্থী সীমার কিছুটা ব্যক্তিগত ইমেজ ভিন্ন ঘরানার ভোট পেতে সহায়ক হতে পারে।

নির্বাচনের এই দুই ধরনের ভোট হেভিওয়েট প্রার্থীদের জয়-পরাজয়ের ব্যবধান কমালেও বড় ফ্যাক্টর নৌকার প্রার্থীর জন্য সদর এমপি বাহারপন্থিদের ভোট। অপরদিকে, বিএনপির প্রার্থীর ক্ষেত্রে জামায়াতের ভোটও তাদের জয়ের ক্ষেত্রে অন্যতম নিয়ামক।

কুসিক নির্বাচনে সাড়ে চার লাখের বেশি ভোটার। তবে, এমপি বাহারের একটি ভোট ব্যাংক রয়েছে। এ সংখ্যা ৫০ হাজারের বেশি। কারণ হিসেবে স্থানীয়রা বলেন, ২০০১ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত এই নেতা ঘড়ি প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে ৪০ হাজারের বেশি ভোট পান। গত ১৬ বছরে এ সংখ্যা আরো বেড়েছে। এমনকি, বিএনপির প্রার্থী মরহুম কর্নেল (অব.) আকবর আলীর বিষয়ে স্থানীয়দের মধ্যে একটি নেতিবাচক মনোভাব ছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রতি নির্বাচনের আগে তিনি একবারই এলাকায় যেতেন।

এর জবাবে বিএনপির এই প্রার্থী বলতেন যে, তার কুমিল্লা যাওয়ার দরকার হয় না; কারণ সেখানে তার দুইজন কর্মী (আফজাল-বাহার) রয়েছেন, যারা তার নির্বাচনী মাঠ ঠিক রাখেন এবং নির্বাচনে তিনি জয়ী হয়ে আসতেন। অর্থাৎ আফজাল যেদিকে থাকতেন তার উল্টো দিকে অবস্থান নিতেন বাহার। আর এ সুযোগ কাজে লাগাত বিরোধীপক্ষ; যা এখনো সবার মুখে মুখে।

এদিকে, গত শুক্রবার বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে ঘোষিত শিশু দিবসে কুমিল্লার টাউন হল মাঠে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। এ সভায় আফজাল-বাহারকে একমঞ্চে দেখা যায়। তবে বিভিন্ন মাধ্যমে জানা গেছে, এই অনুষ্ঠানের আয়োজন করেন বাহারপন্থি নেতাকমী-সমর্থকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি