রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা থেকে কঠোর মনিটরিং করছেন দুই নেত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের ১০টি সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে ছোট সিটি কর্পোরেশন হচ্ছে কুমিল্লা। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচন হয়ে গেছে। ঢাকা ও চট্টগ্রাম সিটির নির্বাচন নিয়ে খোদ শাসক দলে প্রশ্ন থাকলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে নিরপেক্ষতা ও সুষ্ঠু ভোট নিয়ে ফরমায়েশি কথাবার্তা ছাড়া খুব একটা প্রশ্ন নেই দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির। কিন্তু ওই নাসিক নির্বাচনেও এতটা সিরিয়াস দেখা যায়নি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। বর্তমানে এই দুই শীর্ষ নেত্রীকে কুমিল্লা সিটির নির্বাচন নিয়ে খুবই সিরিয়াস দেখা যাচ্ছে। নানাবিধ কারণে এই সিটির নির্বাচন দুই নেত্রীর কাছেই অধিক গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কুমিল্লায় অবস্থান করা আওয়ামী লীগ ও বিএনপির দুই শীর্ষ নেতা।

ঢাকা ও কুমিল্লার দুই দলের একাধিক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচন, সিইসিসহ বর্তমান নতুন নির্বাচন কমিশনারদের ইমেজ, বর্তমান সরকারের ভাবমূর্তি এবং সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলসহ দেশের আগামী দিনের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন কুসিক নির্বাচন দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে, কুসিক হয়ে উঠতে পারে আগামী জাতীয় নির্বাচনের একটি ওয়ার্মআপ। এ জন্যই আওয়ামী লীগ ও বিএনপির হাই কমান্ড কেন্দ্র থেকে শুধু কমিটি করে দিয়েই ক্ষ্যান্ত থাকেননি, এই কমিটির

সদস্যরা কোথায়, কখন কিভাবে কাজ করছে, দলের অভ্যন্তরীণ গ্রুপিং শেষ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছে কি না, আনুষ্ঠানক প্রচার-প্রচারণায় যাওয়ার পর নির্বাচনের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা তারা প্রতিনিয়ত খোঁজখরব নিচ্ছেন, মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করছেন নিয়মিত। একই সঙ্গে বড় দুই দলের দুই মহাসচিবও সার্বক্ষণিক মনিটরিং করছেন নির্বাচনের সার্বিক পরিবেশ পরিস্থিতি।

কুসিক নির্বাচনের গণসংযোগ করতে আসা কুমিল্লায় অবস্থানকারী বিএনপির নীতিনির্ধারক কমিটির সদস্যসহ একাধিক কেন্দ্রীয় নেতা ও ঢাকায় অবস্থানকারী বিএনপির একাধিক কেন্দ্রীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএনপির জন্য কুসিক নির্বাচন একটি বিশাল চ্যালেঞ্জ। তাই ঢাকা এবং লন্ডন থেকে হাই কমান্ড বিভিন্ন সূত্র থেকে এই নির্বাচনের সর্বশেষ আপডেট নিচ্ছেন প্রতিনিয়ত। বিএনপি কুমিল্লা সিটি নিয়ে এতই সিরিয়াস যে, তাদের ভাবনায় শুধুই দুটি বিষয় কাজ করছে। হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষের জয় সুনিশ্চিত করা নতুবা দেশবাসীর কাছে প্রমাণ করা, নির্বাচন সুষ্ঠু হয়নি। সরকার প্রভাব খাটিয়েছে, কেন্দ্র দখল করেছে, এজেন্টদের বের করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। একই সঙ্গে এই নতুন ইসি প্রথম পরীক্ষাতেই ফেল। মেরুদণ্ডহীন ইসি দিয়ে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না তা আমরা আগেই বলেছিলাম প্রভৃতি। কারণ সাম্প্রতিক হয়ে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন ছিল ৫ জানুয়ারি নির্বাচনের পর ক্ষমতায় আসা বর্তমান সরকারের অধীনে প্রথম সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। বিতর্কিত বিদায়ী রকিব কমিশন এই একটি ভালো নির্বাচন দিয়েই বিদায় নিয়েছে। সেখানে দারুণ একটি সুষ্ঠু নির্বাচনে বিএনপির প্রার্থী হেরে যাওয়ার পর বিএনপি থেকে যে কথা বলার চেষ্টা করা হয়েছিল অনানুষ্ঠানিকভাবে, কুমিল্লার ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভিন্ন এবং বিপরীতমুখী। তখন বিএনপিপন্থি বুদ্ধিজীবীরাও গণমাধ্যমে বলেছিল, নাসিকে বিএনপির প্রার্থী ছিল একেবারেই নতুন এবং এক পেশাজীবী নেতা। তিনি কখনো মূল রাজনীতিতে সক্রিয় ছিলেন না। অপর দিকে, নৌকা জিতেছে প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর ব্যক্তি জনপ্রিয়তায়। তাছাড়া নারায়ণগঞ্জের মানুষ সেখানে শামীম ওসমানের বিকল্প হিসেবে ডা. আইভীকেই বেছে নিয়েছে। কিন্তু কুমিল্লার ক্ষেত্রে পুরোপুরি নারায়ণগঞ্জের বিপরীত চিত্র। এখানে বিএনপিদলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু শুধু কুসিকের সদ্য সাবেক মেয়রই ছিলেন তাই না, তিনি নগর তথা জেলার অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদদের একজন। কুমিল্লায় রয়েছে বিএনপির শক্তিশালী ঘাঁটি। সুতরাং এখানে যদি কোনো কারণে জয় হাত ছাড়া হয়ে যায় তাহলে জাতীয় রাজনীতিতে এর বিশাল একটি ইমপেক্ট পড়বে বলে মনে করেন বিএনপির হাইকমান্ড। আর সারাদেশে নৌকা-ধানের শীষ যে প্যারালাল দুটি প্রতীক সেটিরও কিছুটা হলেও সম্মান ক্ষুণœ হবে বলে মনে করেন তারা।

যদিও এ বিষয়টি সরাসরি স্বীকার করতে নারাজ বিএনপির ন্থায়ী কমিটির সদস্য ও কুসিক নির্বাচনের সমন্বয়কারী নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন একটি স্থানীয় সরকারের নির্বাচন। এখানে পরাজিত হলে জাতীয় পর্যায়ে কোনো এফেক্ট করবে না। কারণ জাতীয় নির্বাচন তো ক্ষমতা পালা বদলের, সরকার পরিবর্তনের নির্বাচন। যা স্থানীয় সরকারে না।

তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই কুমিল্লা সিটি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। বর্তমান সিইসি একজন বিতর্কিত ব্যক্তি। জনতা মঞ্চের লোক। খাঁটি আওয়ামী লিগার। তার দ্বারা সুষ্ঠু নির্বাচন কতটুকু হবে আর ফ্যাসিবাদ এই সরকারই কতটুকু সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করবে তা দেখার বিষয়। তার জন্য আমাদের ৩০ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন সুষ্ঠু হলে সিইসিকে মেনে নেবেন কি না জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, একটি স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সব কিছু পরিমাপ করা যাবে না। আপনাকে এসএসসির সনদ পেতে হলে সব বিষয়ই পাস করতে হবে। কোনো একটি পাস করলে বলা যেতে পারে ওই বিষয়ে পাস করেছে। এর বেশি কিছু নয়। এই নির্বাচন কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যে টিম করে দিয়েছেন আমরা তার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তিনি আমাদের কাজকর্মের সব খবরই প্রতিনিয়ত পাচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেছেন, নির্বাচন কুমিল্লার হলেও আমাদের পুরো নির্বাচনী কার্যক্রম ঢাকা থেকে মনিটরিং করা হচ্ছে। আপনি শুনে খুশি হবেন যে, আমাদের গোটা কার্যক্রমের সঙ্গে স্থানীয় থেকে জাতীয় আমরা সবাই সমন্বয় সাধন করে কাজ করছি। যার কারণে দেখবেন আমাদের গণসংযোগ থেকে শুরু করে সব কিছুই একটি নিয়মের মধ্যে পরিচালিত হচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেছেন, ইনশাআল্লাহ কেন্দ্র থেকে আমাদের যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা স্থানীয়ভাবে সমন্বয় করে সেভাবেই এগোচ্ছি। ইনশাআল্লাহ, আমাদের পুরো টিমের স্পিরিটের কারণেই আমরা জয়লাভ করব।

বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, আমাদের কেন্দ্রীয নেতৃত্বের রুটিন অনুযায়ী আমাদের কর্মকৌশল আমরা করছি। যেটা আমাদের বলা দরকার সেটা জানাচ্ছি আবার কেন্দ্রীয় নেতারা যেটা আমাকে বলা দরকার সেটা বলছে। আমাদের মধ্যে খুবই ভালো বোঝাপড়া হচ্ছে কোনো সমস্যা নেই।

অপরদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ডের কাছেও কুসিক নির্বাচনের তাৎপর্য অনেক বেশি। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় হাইকমান্ডসহ বাংলাদেশ আওয়ামী লীগের মতে, নাসিক নির্বাচনের পর বিভিন্ন গণমাধ্যমে অনেকেই বলেছে, আইভী জয়লাভ করার বড় কারণ হচ্ছে তার ব্যক্তি ক্লিন ইমেজ। এখানে প্রতীক নৌকাকে প্রাধান্য দেয়া হয়নি। ফলে নৌকাই যে প্রধান কুসিক নির্বাচনে বিজয় অর্জন করে জনগণকে এটা দেখাতে চায় আওয়ামী লীগ। দুই. নাসিক নির্বাচন অবাধ ও সুষ্ঠু করে সরকার যে কিছুটা হলেও ইমেজ সৃষ্টি করতে পারছে তা তারা ধরে রাখতে চায়। তাহলে আগামী জাতীয় নির্বাচনে সরকারের অধীনে নির্বাচন করার জন্য বিএনপিকে বাধ্য করার একটি অস্ত্র খুঁজে পাবে আওয়ামী লীগ, যে আমাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়। তিন. সরকারের কাছে সবচেয়ে বড় পরীক্ষা হলো সিইসিসহ বর্তমান নতুন এই নির্বাচন কমিশনকে বিতর্ক মুক্ত রাখা। কারণ বিএনপি শুরু থেকেই নতুন সিইসি একেএম নুরুল হুদার বিরুদ্ধে নানা কথা বলে তাদের আপত্তি জানিয়ে আসছে। যদি কোনো কারণে কুসিক নির্বাচন বিতর্কযুক্ত হয় তাহলে দেশ এবং বিদেশে ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণœ হবে এবং বিএনপির সমালোচনার যৌক্তিকতা খুঁজে পাবে, যা কোনোভাবেই সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ হাইকমান্ড।

নাম প্রকাশ না করার শর্তে দলের এক গুরুত্বপূর্ণ নেতা এই প্রতিবেদককে বলেছেন, কেন্দ্রীয় হাইকমান্ড চাচ্ছে, কুসিক নির্বাচন সুষ্ঠু হোক। কারণ নির্বাচন সুষ্ঠু হয়ে নৌকা জিতলেও সরকারের লাভ আবার কোনো কারণে পরাজিত হলেও ক্ষতি নেই। তখন বলতে পারবে, আওয়ামী লীগ জোর করলে তারা জিততে পারত না।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কুসিক নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয়কারী কাজী জাফর উল্লাহ বলেছেন, আল্লাহর রহমতে, কুমিল্লায় এখন আর কোনো গ্রুপিং নেই। আমরা সব কিছুই সুন্দরভাবে সমন্বয় করছি। আমাদের নেত্রী সব কিছু মনিটরিং করছেন। আমাদের ওয়ার্ডভিত্তিক গণসংযোগও কেন্দ্রীয়ভাবে পরিচালিত হচ্ছে স্থানীয় নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতায়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুসিক নির্বাচনের সদস্য সচিব একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রতিদিন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা কেমন কাজ করছেন সে হিসাব নিকাশ রাখছেন। নৌকার প্রচার-প্রচারণায় সবাই শতভাগ সক্রিয় রয়েছেন। তিনি আরো বলেন, আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা প্রতীকে বিজয়ী করতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের প্রেসিডিয়াম ও অন্য উপ-কমিটির সদস্যদের সমন্বয় করে ২৭টি ওয়ার্ডকে ২৭ ভাগে ভাগ করে কুমিল্লায় পাঠিয়েছেন। আর এ কারণে আমরা কেন্দ্রীয় সদস্যরা কুমিল্লায় অবস্থান নিয়ে জেলা ও মহানগর কমিটির সঙ্গে সমন্বয় করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী রূপরেখা প্রণয়ন ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও সমমনা দলের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে।

নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগ দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেছেন, জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের শুরুতেই আমাদের গাইড লাইন দিয়ে দিয়েছেন। ২৭টি ওয়ার্ড কমিটি করে দিয়েছেন। এখন প্রতিদিন, নেত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের শীর্ষ নেতৃত্বরা কষ্ট করে কেউ আমার সঙ্গে কেউবা গ্রুপভিত্তিক হয়ে কাজ করছেন। গণসংযোগ করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি অব্যাহত রাখার জন্য ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে আসছেন।

বড় দুই দলের একাধিক সূত্র পৃথক পৃথক ভাবে জানায়, যে ভাবে দলের হাইকমান্ড নানা পদ্ধতিতে খোঁজখবর রাখছেন এখানে ইচ্ছে করলেও কেউ প্রার্থীর বিপক্ষে কাজ করতে পারবে না। আর যারা এই কাজটি করবে তারা অবশ্যই হাইকমান্ডের কাছে ধরা খেয়ে যাবেন। কারণ কুসিক নির্বাচনে শীর্ষ দুই নেত্রী এতই সিরিয়াস যে, এখানে অন্ধকারের মধ্যে সামান্য একটি সুই ফেললেও তারা ঢাকা থেকে দেখতে পান। যার কারণে ঢাকা থেকে বড় দুই দলের যারাই আসছেন তারা খুবই আন্তরিকভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে জানিয়েছেন দুই প্রার্থীর ঘনিষ্ঠজনরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি