
পূর্বাশা ডেস্ক:ফাঁসির মঞ্চে দেখা গেছে নিরবকে। হত্যা ও ধর্ষণের দায়ে তাঁর ফাঁসি হবে। রফিক সিকদারের ‘হৃদয় জুড়ে’ ছবির গল্পের শেষাংশে ঘটবে এ ঘটনা। গতকাল মঙ্গলবার রাতে এফডিসিতে সেই দৃশ্যটি ধারণ করা হয়।
গতকাল সন্ধ্যার পর এফডিসিতে গিয়ে দেখা গেল, মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনের মাঠে ফাঁসির মঞ্চের সেট। মঞ্চ ঘিরে উৎসুক জনতা। চারপাশ জুড়ে প্রশাসনের কর্মকর্তাদের কড়া নজরদারি। তখনো শুটিং শুরুর আয়োজন চলছে। কিছুক্ষণ পরেই ফাঁসির মঞ্চে উঠবেন নিরব। মঞ্চের পাশেই কয়েদির পোশাকে দাঁড়িয়ে ছিলেন তিনি। জানতে চাই, ফাঁসির আগে কেমন লাগছে? নিরব বললেন, ‘ফাঁসির আগে একজন আসামির যেমন লাগে, আমারও তেমন লাগছে। যদিও মিছেমিছি ফাঁসি, তারপরেও কেমন যেন ভয় ভয় করছে।’
শেষ হয়ে যাওয়ার এ দৃশ্য দিয়েই শুরু হয় ‘হৃদয় জুড়ে’ ছবির শুটিং। মনিটরে বসে দৃশ্য ধারণের প্রস্তুতির সময় কথা হয় পরিচালকের সঙ্গে। শেষ দৃশ্য দিয়ে শুরু করা নিয়ে তিনি বলেন, ‘নিরবের মুখের দাড়ি অরিজিনাল। এ দৃশ্যের জন্যই দাড়ি রেখেছেন তিনি। ছবির অন্য দৃশ্যগুলোতে দাড়ি থাকবে না। যেহেতু টানা শুটিং হবে, তাই পরে নকল দাড়ি দিয়ে এ দৃশ্য করতে চাইনি।’
পরিচালক জানালেন, প্রথম ধাপে এফডিসি ও ঢাকার পুরোনো জেলখানায় ছবির শুটিং হবে। এ মাস জুড়েই টানা চলবে শুটিং। ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার। আরও অভিনয় করছেন কাজী হায়াত, সুব্রত, আলীরাজ, রেবেকা প্রমুখ।

























































