শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগে কোনো পকেট কমিটি চলবে না: ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে প্রতিটি স্থানেই প্রকাশ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২২ মার্চ বুধবার দুপুরে সিলেট নগরীর আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, সিলেটসহ সারাদেশে আওয়ামী লীগে কোনো পকেট কমিটি চলবে না। প্রতিটি স্থানেই প্রকাশ্যে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি দেয়া হবে। সব ভেদাভেদ আর মতপার্থক্য ভুলে দলের স্বার্থে সর্বস্তরের নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আগামী নির্বাচনের জন্য দলীয় নেতা কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দেড় বছর বাকি। সুতরাং কথা কম বলে বেশি বেশি কাজ করুন। সেই সঙ্গে আওয়ামী লীগকে হাইব্রিড নেতাদের কাছ থেকে বাঁচিয়ে রাখুন।

আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের সভাপতিত্বে ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দীন আহমদ কামরান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি