মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অনন্য উচ্চতায় তামিম ১ রান হলেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

৮২ না হয়ে ৮৩ হলেই হতো। কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে তামিম ইকবাল যদি ৮২ রানের জায়গায় ৮৩ রান করে আউট হতেন তাহলে ওই সময়েই পৌঁছে যেতেন অনন্য উচ্চতায়। হয়ে যেত ১০ হাজার রান। যেখানে এখনো পৌঁছাতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। টেস্ট, ওয়ানডে এবং টি-২০ মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তামিম ইকবালের প্রয়োজন আর মাত্র ১ রান।

তিন ফরম্যাটেই তামিম ইকবালের পেছনে অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছেন তার বন্ধু সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের মোট রান ৯২৮৮। ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তার এখনো প্রয়োজন ৭১২ রান।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ড্যাশিং ওপেনার তামিমের রান সবচেয়ে বেশি। তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তিন সংস্করণে বর্তমানে তার রান ৯৯৯৯। আর মাত্র ১টি রান করতে পারলেই ১০ হাজার রানের মাইলফলকে যাবেন তিনি। ২৫ মার্চ ডাম্বুলায় শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ওই ম্যাচে যদি শূন্য রানে আউট না হন, তাহলেই প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের খাতায় নাম লিখাবেন তিনি।

টেস্টে এখন পর্যন্ত ৪৯ ম্যাচে ৯৪ ইনিংসে ৮ সেঞ্চুরি ও ২২ হাফ সেঞ্চুরিতে ৩৯.৫৩ গড়ে রান করেছেন ৩৬৭৭। সর্বোচ্চ ২০৬। ১৬২ ওয়ানডেতে ১৬১ ইনিংসে ৩২.৪০ গড়ে ৭ সেঞ্চুরি ও ৩৪টি হাফ সেঞ্চুরিতে তামিমের সংগ্রহ ৫১২০ রান। সর্বোচ্চ ১৫৪। তামিম টি-২০ খেলেছেন মোট ৫৫টি। ২৪.০৪ গড়ে এক সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ১২০২। সর্বোচ্চ অপরাজিত ১০৩।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি