মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিরিয়া বিশ্বকাপের স্বপ্নে মগ্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আশপাশের বোমা বর্ষণে কেঁপে উঠছে দামাস্কাসে ইন্ডোর স্টেডিয়ামের দেওয়াল। প্রতিদিন, বার বার। আতঙ্কে কানে আঙুল দিচ্ছে পদক জিততে আসা ছোট ছেলে মেয়ের দল।

এটাই সন্ত্রাসবাদ, যুদ্ধ আর শরণার্থী সমস্যায় ক্ষতবিক্ষত সিরিয়ার স্বাভাবিক ছবি। তবু স্বপ্ন মরে না।

সিরিয়ার মানুষ যেমন জানতে চায় রুশ বিমান এখন আকাশের কোন কোণে, তেমনি তার কৌতুহল একটা ফুটবল দল নিয়ে। দেশের তরতাজা এক ঝাঁক যুবককে ঘিরে দানা বাঁধে অন্য আকুলতা। বিস্ফোরণের আওয়াজ শুনতে শুনতেই এক ঝলক ভাবতে চায়, ‘এত কিছুর পরেও আমরা রাশিয়ায় ২০১৮-র বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করব?’

স্বদেশে নিরাপদ নয় কোনও ফুটবল মাঠ। যে কোনও সময় ধেয়ে আসতে পারে মর্টার। স্বাভাবিক সবকিছু বানচাল করতে সন্ত্রাসীরাও তৈরি। অগত্যা গন্তব্য কুয়ালালামপুর। সেখানেই হোম ম্যাচ। সেখানেই ট্রেনিং। গত অক্টোবরে সবথেকে বড় চমকটা ছিল বিশ্বকাপ কোয়ালিফায়ারে চিনকে বেজিংয়ে হারিয়ে আসা। সেখান থেকে অনেক দূর এসে, রাশিয়ার টিকিটের লাইনে দাঁড়াতে এ সপ্তাহে তাদের লড়াই উজবেকিস্তানের সঙ্গে।

এই ম্যাচটা জিতলে কোয়লিফায়ারের প্লেঅফে যাবে সিরিয়া। উজ্জ্বল হবে মস্কোয় খেলার সম্ভাবনা। অন্যতম জাতীয় কোচ তারেক জাব্বান পাগলের মতো বোঝাচ্ছেন ফুটবলারদের। বলছেন, ‘‘জিততেই হবে। সারা দুনিয়া যেন তোমাদের দেখতে পায়। শরণার্থী হয়ে প্রাণ হাতে নিয়ে সাগর পারের দরকার হবে না তা হলে। বিদেশি ক্লাবই তোমাদের সাদরে নিয়ে যাবে।’’

আশ্চর্যের ব্যাপার প্রেসিডেন্ট বাশার সাদাতের প্রিয় খেলা ফুটবল আজও, এত তীব্র অসহনীয় অর্থনৈতিক মন্দার পরেও রাষ্ট্রীয় অনুদান থেকে বঞ্চিত হয়নি। বিশ্বকাপ কোয়ালিফায়ারে একটা জয় মানে ফুটবলার-প্রতি বোনাস উপার্জন এক হাজার ডলার! জাতীয় দলে খেললে যে টাকাটা তাদের সারা বছরের বেতন। আজকের সিরিয়ার মানুষ যে পরিমাণ টাকা চোখে দেখারও স্বপ্ন দেখে না। তারেক জাব্বান কোনও রাখঢাক না করেই তাই বলে দেন, ‘‘যে কোনও ভাবে আমাদের বাঁচতে হবে। তাই বিদেশের ক্লাবেই খেলতে যেতে হবে। জানবেন ফুটবলটাই একমাত্র অস্ত্র।’’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি