শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আশায় বুক বেঁধে আছে বিএনপি নেতাকর্মীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এক দশকের বেশি সময় ক্ষমতায় নেই বিএনপি। নেই বিরোধী দলেও। সাংগঠনিক দুর্বলতা, দ্বন্দ্ব-কোন্দলে কোনঠাসা দেশের এই অন্যতম রাজনৈতিক দলটি। তারপরও আশায় বুক বেঁধে আছে দলটির নেতাকর্মীরা।

তারা বলছেন, এই খারাপ সময়ের অবসান হবেই। বিএনপিই জনগণকে আবার তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে। আলাপকালে এমনটাই জানিয়েছেন বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীরা।

এর অন্যতম কারণ হিসেবে নেতাকর্মীরা বলছেন, সরকার আইনশৃঙ্খলা বাহীনির ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। তাদের জনসমর্থন অবিরত কমছে। যারাই সরকারের বিপক্ষে কথা বলছেন, তাদেরকেই নানাভাবে হয়রানি করা হচ্ছে। সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ‘রাজনৈতিক’ মামলা-হামলা, গুম-খুন, জেলে নিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে। সরকারের দুর্নীতি ও জুলুমের কারণে জনগণ অতিষ্ট। জনগণ সরকারকে জবাব দেয়ার জন্য উন্মুখ। সেই জবাবটা হচ্ছে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

নিউজবাংলাদেশের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের সাথে আলাপকালে তারা এসব কথা জানান।

তারা বলছেন, জনগণ বিএনপির সাথে আছে, কিন্তু তারাতো মাঠে নামবে না। তাদেরকে মাঠে নামার ক্ষেত্র তৈরি করে দিতে হবে। বিএনপি সেই লক্ষ্যে কাজ করছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকার বিরোধী জনমত তৈরির উদ্যোগ নিয়েছেন। খালেদা জিয়ার ১৯ দফা সম্বলিত পোস্টার সারাদেশে প্রচার করা হচ্ছে। খুব শিগগিরই সরকার বিরোধী আন্দোলন জোরদার করা হবে।

বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক নিউজবাংলাদেশকে জানান, ২০১৪ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচন নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দলই বর্জন করে। নির্বাচনে ভোটের আগেই ৩০০টি আসনের মধ্যে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়। সেই নির্বাচনে সাড়া দেশের মোট ৯,১৯,৬৫,৯৭৭ ভোটারের মধ্যে ভোট দেয়ার সুযোগ পান ৪,৩৯,৩৮,৯৩৮ জন। এর মধ্যে আওয়ামী লীগ পায় ৩৬,১৭৩,৮৮৩ শতকরা ৭৯.১৪ ভোট।

এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়, বিএনপিবিহীন একতরফা কারচুপির নির্বাচনেও ভোটের পরিসংখ্যানে পিছিয়ে রয়েছে আওয়ামী লীগ। কিন্তু বিএনপির জনসমর্থন বেড়েই চলেছে। এখন একটি সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বেছে নেবে, এমন বিশ্বাস তাদের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষ ও বিদেশি বন্ধুদের নিয়ম রক্ষার নির্বাচন বলে ধোঁকা দিয়েছেন। নির্বাচনের নামে নাটক করেছেন। কথা রাখেননি। তাই একটি কথা স্পষ্ট করে বলতে চাই- ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন বাংলাদেশে আর হবে না। বরং খালেদা জিয়া শিগগিরই নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে রূপরেখা দেবে। আর সেই রূপরেখা মোতাবেক নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি নির্বাচনে যাবে।”

অপর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নিউজবাংলাদেশকে বলেন, “জনগণ সারাক্ষণ রাজনীতি করে না। তারা আশা করে, আশা পূরণ না হলে কষ্ট পায়। তখন চাপা ক্ষোভ সৃষ্টি হয় এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিভাবে হবে সেটা বলা কঠিন। ক্ষোভ বেশি দিন চাপা দিয়ে রাখলে তা বার্স্ট হয়ে যায়। আমরা এবং সরকার যদি জনগণকে প্রকাশ করতে না দেই তাহলে কখন কি হবে তা কেউ বলতে পারে না।”

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “জোর-জুলুম করে কেউ ক্ষমতায় টিকতে পারেনি, ইতিহাস তাই বলে। এই সরকারও পারবে না। তাদের পতন হবেই।”

দলের সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার নিউজবাংলাদেশকে জানান, শুধু বিএনপি নয় সারাদেশের মানুষ আশা এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন সরকার এমনি এমনি দিবে না, আদায় করে নিতে হবে। আদায় করতে হয়ে দলকে সুসংগটিত এবং সমন্বয় করার কোনো বিকল্প নেই। পাশাপাশি গণতান্ত্রীক আন্দোলন চালিয়ে যেতে হবে।

যুবদলের সদস্য গিয়াস উদ্দিন মামুন নিউজবাংলাদেশকে জানান, আমরা সুসংগঠিত হচ্ছি। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হঠিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। সেই দিন আর বেশি দূরে নয়। জনগণকে তার ভোটাধিকার ফিরিয়ে দেয়া হবে।

ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান নিউজবাংলাদেশকে বলেন, “সব কিছুরই শেষ আছে। এই নিপীড়ন নির্যাতনেরও শেষ হবে। বিএনপির নেতৃত্বেই জনগণ আবার স্বস্থির নিশ্বাস নেবে। আমরা সেই আশায় আছি।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি