
পূর্বাশা ডেস্ক:
সুরঙ্গা লাকমলকে নিয়ে নেটে ঘণ্টার পর ঘণ্টা সময় পার করেছেন গ্রাহাম ফোর্ড। শ্রীলঙ্কা দলের হেড কোচ কাজ করেছেন তাঁর দলের পেসারের ব্যাটিং নিয়ে। সেই কাজের ফল বাংলাদেশ দলও দেখতে পেয়েছে পি সারা ওভালে নিজেদের শততম টেস্টে। যে লাকমলের আগে ব্যাটিং করতে যাওয়া মানেই ছিল দ্রুত ফিরে আসা, সেই লাকমলও কিনা লম্বা সময় উইকেট ফেলতে না পারার হতাশায় পুড়িয়েছেন বাংলাদেশকে। তাও আবার একাধিকবার। পি সারা ওভালে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করেছিলেন নিজের ক্যারিয়ার সেরা ৩৫ রান, পরের ইনিংসেই নিজেকে ছাড়িয়ে যাওয়া ৪২। আরেক টেল এন্ডার দিলরুয়ান পেরেরাও তো প্রায় চার ঘণ্টা উইকেটে টিকে থেকে নাভিশ্বাস তুলে ছেড়েছিলেন সফরকারীদের।
১৭৪ বলে ৫০ রানের ইনিংস খেলা ওই অফস্পিনার লাকমলের সঙ্গে ৮০ রানের নবম উইকেট পার্টনারশিপে আরেকটু হলে বাংলাদেশের শততম টেস্ট জয়ের স্বপ্নই ফাঁসিয়ে দিতে বসেছিলেন। সে যাত্রায় রক্ষা পেলেও সেখান থেকে শিক্ষা নিতে ভোলেনি বাংলাদেশ। যদিও টেস্ট আর ওয়ানডেতে বিস্তর পার্থক্য আছে। এক ফরম্যাটে ধরে খেলতে হয় তো আরেক ফরম্যাটে মেরে। আজ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে যেমন মেরে খেলেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শ্রীলঙ্কা ক্রিকেটের বোর্ড সভাপতি একাদশের ৩৫৪ রান তাড়া করতে নেমে একপর্যায়ে বাংলাদেশের বিশাল হারকেই মনে হচ্ছিল ভবিতব্য। কিন্তু সেখান থেকেই মাশরাফির ব্যাটে ম্যাচ একরকম ঘুরে গিয়ে চলে এসেছিল বাংলাদেশের কবজায়। ৩৫ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংসে দলকে জয়ের দোরগোড়ায়ও দিয়ে আসেন তিনি। তাতে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ শিবির নেয় আরেকটি শিক্ষাও। আর সেটি হলো লেজের ঝাপটাও ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। কিন্তু সেই সক্ষমতা কি বাংলাদেশ দলের আছে?
টেস্ট সিরিজে টেল এন্ডারদের দিয়েও ব্যাটিং গভীরতা বোঝানো শ্রীলঙ্কার কোচ গ্রাহাম ফোর্ড নিশ্চয়ই ওয়ানডের জন্যও ভিন্নভাবে তৈরি করেছেন তাঁর নিচের দিকের ব্যাটসম্যানদের। মাঠে বসেই শততম টেস্টে বাংলাদেশের জয় দেখা মাশরাফি ওয়ানডের জন্য ওই ‘অন্যভাবে’ তৈরি হওয়ার কথাই বললেন আগে, ‘টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দেখিয়েছে টেল এন্ডারদের কাছ থেকেও ব্যাটিং আদায় করে নেওয়া সম্ভব। কিন্তু টেস্ট আর ওয়ানডের ব্যাটিং তো আর এক নয়। টেস্টে আপনাকে ঠেকাতে হবে। আর ওয়ানডেতে হবে মারতে। কাজেই এই ফরম্যাটের ব্যাটিং প্রস্তুতিটা অন্য রকম। ’ সেই অন্য রকম প্রস্তুতি বাংলাদেশের কতটা আছে? ‘টাইগারস’ নামে পরিচিত তাঁর দলের থাবা বসানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন নেই কোনো। তবে আছে লেজের ঝাপটায় প্রতিপক্ষকে ঘায়েল করার অক্ষমতা নিয়ে। সেই দুর্বলতা কাটিয়ে সবল হওয়ার চেষ্টাও আছে বলে দাবি করেছেন মাশরাফি, ‘দেখুন, ওয়ানডেতে যে সময়ে টেল এন্ডারদের নামতে হয়, সেই সময়ে নেমেই তাদের পক্ষে মারা অনেক সময় কঠিন হয়। কারণ ম্যাচ পরিস্থিতিই এমন থাকে যে নেমেই মারতে হবে এবং সেই চাপও কম নয়। ওই অবস্থায় মারার সামর্থ্য কার কতটুকু আছে, সেটিও একটি ব্যাপার। তবে আমাদের দলে মারার মতো এরকম কয়েকজনই আছে। ’
তাঁরা কারা? রঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়াম প্যাভিলিয়নের দুই তলায় প্রথম ওয়ানডের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সেরে নেমে যাওয়ার পথে অধিনায়ক হাসতে হাসতে বলে গেলেন, ‘কয়েকজনই আছে। এদের মধ্যে আছি আমিও। ’ এক দিনের প্রস্তুতি ম্যাচ তাঁর ব্যাটিং সামর্থ্য নিয়ে আরেকবার স্বচ্ছ ধারণা দিয়েই রেখেছে। প্রয়োজন হলে লেজের দিকের অন্য ব্যাটসম্যানদের কাছ থেকেও একই রকম ব্যাটিংয়ের প্রত্যাশা থাকছে। অবশ্য এর আগে নিজেদের ব্যাটিং অর্ডারের শীর্ষ ব্যাটসম্যানদের কাছেই প্রত্যাশাটা বেশি অধিনায়কের, ‘ওয়ানডেতে দু-তিনজন ৭০-৮০ করে ফেললেই ম্যাচ জেতা যায়। ’
কোনো কারণে সেরকম কিছু না হলে কিংবা প্রয়োজন হলে থাবা বসানোর সঙ্গে লেজের ঝাপটাও দেওয়া চাই। টেস্ট সিরিজের শ্রীলঙ্কা বাড়িয়েছে বাংলাদেশের সেই আকুতিও।
























































